প্রাথমিক সমাপনীর ফলও ২৯ ডিসেম্বর
আপডেট: ২০১৬-১২-২২ ১৮:২৯:৪৫
জেএসসি-জেডিসির মত পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষার ফলও আগামী ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আকরাম আল হোসেন দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘২৯ ডিসেম্বর বেলা পৌঁনে ১১টায় গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ফলাফল হস্তান্তর করব। এরপর বেলা সাড়ে ১২টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।’
প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা গত ২০ নভেম্বর শুরু হয়ে শেষ হয় ২৭ নভেম্বর।
এবার মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ পরীক্ষার্থী প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দিয়েছে।
গত কয়েক বছরের মতো এবারও অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকট (জেডিসি) পরীক্ষার ফল এবং প্রাথমিক ও ইবতেদায়ী পরীক্ষার ফল একই দিনে প্রকাশ করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে ২৯ ডিসেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশের কথা জানিয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













