‘ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের’ পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: ২০১৬-১২-২৮ ১০:৫৮:০১
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের পক্ষ থেকে শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ।
গতকাল ২৭ ডিসেম্বর মঙ্গলবার ২০১৬ সকাল ১০টায় ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের পক্ষ হতে ময়মনসিংহ এবং ত্রিশালের বিভিন্ন এলাকায় শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে ২০০টি কম্বল, শিশুদের জন্য ৫০টি সোয়েটার এবং ২৫০টি পুরাতন কাপড় বিতরণ করা হয় । পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, এতিমখানাসহ প্রায় ৪০০ টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক সোহেল রানা, সহকারী অধ্যাপক মো. মাসুদ চৌধুরী, সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র দাস,প্রভাষক মো. হাবিবুর রহমান, জুয়েল কুমার রায়, মন্টি আদিত্য এবং জান্নাতুল ফেরদৌস বৃষ্টি সহ বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ।
এ সম্পর্কে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান সোহেল রানা বলেন, ‘মানুষ মানুষের জন্য’ একথা আমরা সবাই মুখে মুখে বললেও খুব অল্প মানুষই আছি যারা মানুষের সেবায় এগিয়ে আসে । কিন্তু আমরা শুধু মুখে বলে নয় বাস্তবে করেও তার প্রমাণ করেছি । তিনি আরও বলেন, শীতবস্ত্র বিতরণের প্রধান উদ্দেশ্য হল অসহায় এবং দুস্থ মানুষজন যাতে শীত থেকে নিজেদের রক্ষা করতে পারে ।
এ সম্পর্কে উক্ত বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ চৌধুরী জানান, ‘মানুষের জন্য মঙ্গল বয়ে আনবে এমন কাজ আমরা সব সময় করার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারও আমরা ৪০০টি শীতার্ত পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি।’
এর অর্থায়নের বিষয়ে জানতে চাইলে সহকারী অধ্যাপক বিজয় চন্দ্র দাস বলেন, ‘আমাদের বিভাগের সকল শিক্ষক, নিয়মিত ও সান্ধ্যকালীন শিক্ষার্থীদের স্বেচ্ছায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশগ্রহণে এ কাজটি করা হয়েছে।’
শিক্ষার্থী জহিরুল ইসলাম অপু এবং মমিনুর রহমান বলেন, আমরা প্রতি বছর শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করি, যাতে তারা আমাদের সামান্য অনুদান গ্রহণ করে কিছুটা হলেও শীতের তীব্রতা হতে রক্ষা পায় ।
সানবিডি/ঢাকা/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













