প্রধান উপদেষ্টার বৈঠকে থাকবেন রাশেদ মাকসুদ, বিনিয়োগকারীদের কাফন মিছিল

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-০৮ ১৬:৫৭:৩২


পুঁজিবাজারে চলছে অচলাবস্থা। দিনে দিনে বাজার থেকে হারিয়ে যাচ্ছে হাজার কোটি টাকা। পুঁজি হারিয়ে দিশেহারা বিনিয়োগকারীরা নেমেছেন রাস্তায়। পুঁজিবাজারের এমন বেহাল অবস্থার পেছনে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে দায়ী করছেন বিনিয়োগকারীরা। তাই তাঁর অপসারণের দাবিতে একের পর এক কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ ক্যাপিট্যাল মার্কেট ইনভেস্টর এসোসিয়েশনের ব্যানারে রাজউক অ্যাভিনিউয়ে আইসিবির কার্যালয়ের সামনে বিক্ষোভ ও কাফন মিছিল করেছেন বিনিয়োগকারীরা। মিছিলে কাফন আছে কবর দে, নইলে গদি ছেড়ে দে, দফা এক দাবি এক, রাশেদ মাকসুদের পদত্যাগ, তুমি কে আমি কে, বিনিয়োগকারী বিনিয়োগকারী ইত্যাদি স্লোগানে উত্তপ্ত হয় মতিঝিল এলাকা।

পুঁজিবাজারের উন্নয়নে আগামী ১১ মে প্রধান উপদেষ্টার বাসভবনের বৈঠকে থাকবেন রাশেদ মাকসুদ। প্রধান উপদেষ্টার সাথে বিএসইসির চেয়ারম্যানের থাকার খবরে ক্ষোভে ফেটে পড়েন বিনিয়োগকারীরা। তারা বলেন আমরা এই চেয়ারম্যানের অপসারণ চাই। তিনি চেয়ারম্যান হিসেবে থাকলে পুঁজিবাজার ভালো হবে না। সরকার তাকে অপসারণ করার পরিবর্তে প্রধান উপদেষ্টার বৈঠকে তাঁকে ডাকা হয়েছে। এসময় বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) চেয়ারম্যান আবু আহমেদেরও অপসারন চান।

বিক্ষোভে বিনিয়োগকারীরা বলেন, দীর্ঘ ১৭ বছর পর আমরা আশা করেছিলাম পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে। কিন্তু অর্থ উপদেষ্টা ও বিএসইসির চেয়ারম্যানের কারণে তা হচ্ছে না। তারা বলেন, আমরা বাজারকে ভালো অবস্থায় দেখতে চাই। আমরা বাজারে সুসাশন চাই, বাজারে স্থায়ী সমাধান চাই।

বিনিয়োগকারীরা আরও বলেন, প্রধান উপদেষ্টার সাথে বিএসসি চেয়ারম্যানসহ অর্থ উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে বিনিয়োগকারীদের কোন প্রতিনিধি নেই। বিনিয়োগকারীদের অংশগ্রহণ ছাড়া পুঁজিবাজারের উন্নয়ন সম্ভব নয়। এসময় তারা পুঁজিবাজার নিয়ে আলোচনায় বিনিয়োগকারীদের রাখার দাবি জানান তারা। সেই সাথে রাশেদ মাকসুদের অপসারণসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন বিনিয়োগকারীরা।

এম জি