বিও একাউন্ট ফি ৪৫০ থেকে কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৫-২৭ ২০:২৮:৩৩
পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স বা বিও একাউন্ট খুলতে মেইনটেইন্যান্স ফি ৪৫০ থেকে কমিয়ে ১৫০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৭ মে) আগারগাঁওয়ে কমিশনের সভা কক্ষে অনুষ্ঠিত ৯৫৬ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসাথে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) থেকে অর্জিত সুদ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
গৃহীত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) হতে অর্জিত সুদ আয়ের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে জমা দিয়ে বাকি অর্থ ব্রোকাররা ব্যবহার করতে পারবে। এর আগে খসড়া আইনে সিসিএ হতে প্রাপ্ত সুদের ২৫ শতাংশ স্টক এক্সচেঞ্জের ইনভেস্টরস প্রটেকশন ফান্ডে জমা দেওয়ার পাশাপাশি বাকি ৭৫ শতাংশ বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা ও সচেতনতার কাজে ব্যয় করার বিধান রাখা হয়। তবে সেটি নিয়ে ব্রোকারদের অসন্তুষ্টি ও বিনিয়োগ শিক্ষা প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকায় বাকি ৭৫ শতাংশ ব্রোকারদের ব্যবহারের অনুমতি দিল বিএসইসি।
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের নামে যে একক অ্যাকাউন্টে টাকা জমা রাখা হয় সেটিকে সিসিএ বা সমন্বিত গ্রাহক হিসাব বলা হয়। সেই টাকায় ব্যাংক থেকে যে সুদ আসে, এত দিন তা ছিল একরকম বিতর্কিত সম্পদ। বিনিয়োগকারীদের সেই টাকায় অধিকার থাকলেও সুদের ওপর তাদের সরাসরি মালিকানা ছিল না। আবার ব্রোকাররাও এই টাকাকে পুরোপুরি নিজেদের আয় বলতে না পারলেও পুরোটাই তারা গ্রহণ করত।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













