সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৫-০৫-২৯ ০৯:৪১:৪৮
সিরাজগঞ্জের কামারখন্দে মুরগীবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। নিহত তিনজনই এসিআই ফুড মিলের শ্রমিক।
বুধবার (২৮ মে) রাত ৮টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ।
নিহতরা হলেন- রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের সেনগাতি এলাকার মো. জয়নালের ছেলে মো. জাহিদুর রহমান (২৩), আব্দুল হাইয়ের ছেলে মো. গাফফার হোসেন (২৪) ও তাড়াশ উপজেলার তেঘরি গ্রামের মো. আব্দুল ওয়াদুদ সরকারের ছেলে মো. কাওসার সোয়েব (১৮)। তিনি রায়গঞ্জের নলকাতে নানি বাড়ি থেকে মিলে কাজ করতো
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিনজনই ভদ্রঘাটের এসিআই ফুড মিলে কর্মরত ছিলেন। ডিউটি শেষে মিল থেকে বেরিয়ে তারা মোটরসাইকেলযোগে স্থানীয় বাজারের পথে রওনা হলে বিপরীত দিক থেকে আসা একটি মুরগিবাহী ট্রাককে ওভারটেক করতে গিয়ে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হন। তবে দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
নিহত মোটর সাইকেল চালক মো. কাওসার আহমেদের ফুফাতো ভাই মো. জাকারিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রথমে আমার ভাইয়ের মরদেহ পাইনি। সেনগাতি এলাকার তিনজন বলে তার মরদেহ ভুল করে নিয়ে যাওয়া হয়েছিল। মরদেহের অবস্থা এতটাই ভয়াবহ ছিল যে চেনার উপায় ছিল না। পরে শনাক্ত করে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













