ডিএসই’র উদ্যোগে “বেসিক টেকনিক্যাল এনালাইসিস” শীর্ষক কর্মশালা
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-১৯ ২১:২০:৪৪
পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে জ্ঞান ও দক্ষতা অত্যন্ত প্রয়োজনীয়। সঠিক বিশ্লেষণ ছাড়া বিনিয়োগ সিদ্ধান্ত নেয়া হলে ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা থাকে। আর এই কারণেই টেকনিক্যাল অ্যানালাইসিস আজকের বিশ্বে বিনিয়োগকারীদের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচিত। এটি হলো সম্ভাবনার বিশ্লেষণ, যা বিনিয়োগকারীদের যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।
ডিএসই ট্রেনিং একাডেমী কতৃক আয়োজিত ৪ দিনব্যাপী “বেসিক টেকনিক্যাল এনালাইসিস” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিএসই’র পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান।
তিনি আরও বলেন, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস দুটিকে সমন্বয় করে পুঁজিবাজারে বিনিয়োগ করলে প্রকৃত অর্থে সফলতা অর্জন করা সম্ভব। কোম্পানির ইপিএস, এনএভি, পিই রেশিও, উদ্যোক্তাদের ব্যাকগ্রাউন্ড ইত্যাদি যাচাই করে বিনিয়োগ করুন। কোম্পানির সার্বিক বিষয়াদির পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষনই বিনিয়োগের মূলমন্ত্র হতে হবে।
কর্মশালা থেকে অর্জিত জ্ঞান প্রশিক্ষণার্থীরা কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন এবং একটি সুস্থ ও স্থিতিশীল পুঁজিবাজার গঠনে অবদান রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
১০ আগস্ট শুরু হওয়া ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ফিনটেক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সামনুন বিন জাফর, আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের সিনিয়র পোর্টফোলিও এনালিস্ট মুস্তফা জাইন উদ্দিন ও এনবিএল সিকিউরিটিস এর ব্যবস্থাপনা পরিচালক জুবায়েদ আল-মামুন হাসান টেকনিকাল এনালাইসিস প্লাটফর্ম, টেকনিকাল ইনডিকেটর, জিওমেট্রিক্যাল ডিসপ্লে ইন টেকনিকাল এনালাইসিস, ট্রেডিং সিস্টেম, ট্রেডিং সিস্টেমের ব্যবহারিক প্রদর্শন, ব্রড মার্কেট এনালাইসিস ও রিস্ক টেকনোলজিস এন্ড রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করেন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ-মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান এবং এনবিএল সিকিউরিটিস এর ব্যবস্থাপনা পরিচালক জুবায়েদ আল-মামুন হাসান।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













