পরামর্শ বা আপত্তি বিবেচনায় নিয়েই মার্জিন বিধিমালা চূড়ান্ত করবে বিএসইসি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৮-২৪ ১৮:২৫:৩৫
পুঁজিবাজারের উন্নয়নে গঠিত টাস্কফোর্সের সুপারিশের আলোকে গঠিত ‘মার্জিন বিধিমালা ২০২৫’ এর খসড়া অনুমোদন করেছে বাংলাদেশে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ইতোমধ্যে এই খসড়া জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হয়েছে। তবে এই বিধিমালার কিছু বিধিমালা নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্টদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। এমন অবস্থায় খসড়া বিধিমালাটি সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি বিবেচনায় নিয়েই চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে বিএসইসি।
রোববার (২৪ আগস্ট) এ তথ্য জানান বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম।
তিনি জানান, পুঁজিবাজারে মার্জিন অর্থায়নে বিদ্যমান ঝুঁকিসমূহ(প্রাতিষ্ঠানিক ঝুঁকি, ক্রেডিট ঝুঁকি, পদ্ধতিগত ঝুঁকি, ইত্যাদি) এবং উক্ত ঝুঁকিসমূহ হ্রাসকরণ তথা যথাযথ মার্জিন অর্থায়ন ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিতকরণ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে মার্জিন বিধিমালার খসড়া প্রণয়ন করা হয়েছে।
বিএসইসি’র মুখপাত্র জানান, জনমত যাচাইয়ের মাধ্যমে খসড়া বিধিমালাটির উপর সংশ্লিষ্ট অংশীজন, বিনিয়োগকারী ও জনসাধারণের মতামত, পরামর্শ বা আপত্তি আহ্বান করা হয়েছে। জনমত যাচাই তথা অংশীজন বা সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি গ্রহণের পর সার্বিক বিচার বিবেচনা পূর্বক প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন-পরিমার্জন করে বিধিমালাটি চূড়ান্ত করবে কমিশন।
তিনি আরও জানান, বর্তমানে খসড়া বিধিমালাটি কমিশনের একটি প্রস্তাবনা যা সংশ্লিষ্টদের মতামত, পরামর্শ বা আপত্তি বিবেচনায় নিয়েই চূড়ান্ত করা হবে এবং পরবর্তীতে চূড়ান্ত বিধিমালাটি সরকারি গেজেটে প্রকাশের মাধ্যমে কার্যকর করা হবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













