পুঁজিবাজারে নতুন কোম্পানি আনতে বিএসইসির সিদ্ধান্তকে ডিবিএর সাধুবাদ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-০৩ ২০:৩০:১৫
দেশি-বিদেশি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করায় বিএসইসিকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়েছে স্টক ব্রোকারদের সংগঠন ঢাকা ষ্টক এক্সচেঞ্জ ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)। গত ২ সেপ্টেম্বর দেশি-বিদেশি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।
এর প্রেক্ষিতে বুধবার (৩ সেপ্টেম্বর) ডিবিএ এক বার্তায় দেশি-বিদেশি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে অন্তর্ভূক্তির বিষয়ে বিএসইসির সিদ্ধান্তকে স্বাগত জানান ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম।
গত ১১ মে পুঁজিবাজার নিয়ে প্রধান উপদেষ্টার দিক-নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি বিএসইসির চেয়ারম্যানসহ কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ডিবিএ প্রেসিডেন্ট উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে ভাল কোন কোম্পানি আসেনি। ভাল কোম্পানির অভাবে আমাদের বাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীর তেমন উল্লেখযোগ্য অংশগ্রহণ ঘটেনি এবং এর ফলে বাজার স্থিতিশীল ও টেকসই হয়নি।
তিনি আরও বলেন, পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে আমরা পুঁজিবাজারে দেশি-বিদেশি ভাল কোম্পানি তালিকাভূক্তির প্রয়োজন উপলব্ধি করে এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা, বিএসইসি, ডিএসই সহ বাজার সংশ্লিষ্ট অংশীজনদের সাথে পত্র যোগাযোগসহ বৈঠক করি এবং আমাদের সংগঠনের উদ্যোগে অসংখ্য সেমিনার ও ডায়ালগ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাজার উন্নয়ন বিষয়ক আমাদের দাবির স্বপক্ষে বক্তব্য ও যুক্তি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিএসইসি, ডিএসইসহ অন্যান্য অংশীজনদের নিকট তুলে ধরি এবং বাস্তবায়নের দাবি জানাই।
ডিবিএ প্রেসিডেন্ট বলেন, গত ১১ মে ২০২৫ তারিখে পুঁজিবাজার সংক্রান্ত বিষয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আমাদের দাবির প্রতিফলন দেখতে পেয়ে আমরা আশান্বিত হই। গৃহীত সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী পরবর্তীতে এর বাস্তবায়নে বিএসইসির কার্যকর পদক্ষেপ বাজারে ইতিবাচক প্রভাব ফেলে, যার প্রতিফলন ইতিমধ্যে বাজারে ফুটে উঠেছে।
ডিবিএ প্রেসিডেন্ট আরও বলেন, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দেশি-বিদেশি বৃহৎ কোম্পানিসমূহকে দেশের পুঁজিবাজারে অন্তর্ভূক্তির বিষয়ে গৃহীত বিএসইসির সিদ্ধান্তে বিনিয়োগকারীসহ বাজার মধ্যস্থতাকারীদের মাঝে দৃঢ় আস্থার সৃষ্টি করে।
দেশি-বিদেশি কোম্পানিসমূহকে দেশের পুঁজিবাজারে অন্তর্ভূক্ত করতে কমিশনের কার্যকর পদক্ষেপ ও বাস্তবায়ন বাজারে পণ্যের আধিক্য সৃষ্টি করবে। সেইসাথে বিনিয়োগের ক্ষেত্রে দেশি-বিদেশি বিনিয়োগকারীর চাহিদা পূরণের মাধ্যমে পুঁজিবাজারকে শক্তিশালী ও সমৃদ্ধশালী বাজারে পরিনত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিএইচ
এছাড়াও পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে বিএসইসির গৃহীত সকল ইতিবাচক উদ্যোগ ও কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













