আর্থিক প্রতিবেদন তৈরিতে অনিয়মের অভিযোগে ৭ অডিটর নিষিদ্ধ
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৫-০৯-১৭ ১৯:২৩:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন না করার কারণে ৭ নিরীক্ষক (অডিটর) প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য অডিট ও অ্যাসিউর্যান্স কার্যক্রমে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সেই সঙ্গে এসব নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষকসমূহকে কেন অযোগ্য ঘোষণা করা হবে না এই মর্মে ব্যাখ্যা তলব করে তাদেরকে নিয়ে শুনানি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৭৩তম কমিশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০ জুন,২০১৯ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক- এ হক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; রিংসাইন টেক্সটাইল লিমিটেডের ৩০ জুন,২০১৭,২০১৮,২০১৯ এবং ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষকসমূহ যথাক্রমে: আহমেদ অ্যান্ড আক্তার, মাহফেল হক অ্যান্ড কোং, আতা খান অ্যান্ড কোং এবং সিরাজ খান বসাক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; আমান কটন ফাইব্রাস লিমিটেডের ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক- ইসলাম কাজী শফিক অ্যান্ড কোং চার্টার্ড এ্যকাউন্ট্যান্টস; এবং ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০১৮ ও ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষা ফার্ম ও নিরীক্ষক- মাহফেল হক অ্যান্ড কোংকে পুঁজিবাজারে মধ্যস্থতাকারী সকল প্রতিষ্ঠানের অডিট ও অ্যাসিউর্যান্স কার্যক্রম পরিচালনার উপর নিষেধাজ্ঞা দেওয়া হলো।
উল্লিখিত কোম্পানিগুলো বিভিন্ন অর্থবছরের আর্থিক প্রতিবেদনে গুরুতর আর্থিক অনিয়ম ও সিকিউরিটিজ আইনের লঙ্ঘন থাকা সত্ত্বেও নিরীক্ষা প্রতিবেদনে উত্থাপন করেনি।
তাই এসকল নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষকসমূহকে পুঁজিবাজারের তালিকাভুক্ত সকল কোম্পানি, সকল ধরনের বিনিয়োগ স্কীম এবং পুঁজিবাজারে মধ্যস্থতাকারী সকল প্রতিষ্ঠানের অডিট ও অ্যাসিউর্যান্স কার্যক্রম পরিচালনার উপর ৫ বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসাথে অডিট ও অ্যাসিউর্যান্স কার্যক্রমে অংশগ্রহণে উক্ত সকল নিরীক্ষা ফার্ম এবং নিরীক্ষকসমূহকে কেন অযোগ্য ঘোষণা করা হবে না এই মর্মে ব্যাখ্যা তলব করে তাদেরকে শুনানি করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













