নভেম্বরে গণভোটের প্রস্তাব জামায়াতের, ইসিতে ১৮ সুপারিশ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-২৮ ১৭:২০:৪০


বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনকে ১৮ দফা সুপারিশ দিয়েছে। সুপারিশে দলটি জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বর মাসে কমিশনকে গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ কমিশনারের সঙ্গে বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বাধীন দল এই প্রস্তাব দেয়।

ইসলামী ব্যাংকসহ তাদের সমমনা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের ভোটে দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তিকে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে মন্তব্য করলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

‎তিনি দাবি করেছেন, ‎জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী ব্যাংকসহ সমমনা প্রতিষ্ঠানের কোন সম্পর্ক নেই।

পরে দলটির সেক্রেটারি জেনারেল সংবাদ সম্মেলন করে ইসিতে দেয়া তাদের দাবি দাওয়া তুলে ধরেন গণমাধ্যমের কাছে। সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে সব দলের জন্য লেভেল প্লেয়িং সমান সুযোগ নিশ্চিতের দাবি জানান তিনি।

সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানান গোলাম পরওয়ার। গণপ্রতিনিধিত্ব আদেশ- জোটে ভোট করলে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে এমন বিধান বহাল রাখার দাবি জানিয়ে তিনি বলেন, এই আইন সংশোধনের দাবি উঠায় লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ণ হয়েছে।

বিএইচ