৩ আসনে নির্বাচন করবেন খালেদা জিয়া

আপডেট: ২০২৫-১১-০৩ ১৮:৪০:১৬


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনি-১ আসন, দিনাজপুর-৩ আসন এবং বগুড়া-৭ আসন থেকে লড়বেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ২৩২টি আসনে দলটির প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।

এর আগে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। সেখানে দলীয় প্রার্থীদের প্রাথমিক নামের তালিকা চূড়ান্ত করা হয়।

মির্জা ফখরুল বলেন, দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে মাসে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচন প্রায় ২৩২ আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা দেওয়া হচ্ছে। আর যেসব আসনে যুগপৎ আন্দোলন সঙ্গীদের প্রার্থী তালিকা ঘোষণা করবে, সেটি বিএনপি সমন্বয় করে নেবে।

তিনি জানান, ফেনি-১ আসন, দিনাজপুর-৩ আসন এবং বগুড়া-৭ আসনে নির্বাচনে লড়বেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সংবাদ সম্মেলনে উপস্থিতি রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিএইচ