শরিয়াহ ভিত্তিক বিনিয়োগে সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০২-০৪ ২১:৪৮:৫৩
শরিয়াহভিত্তিক বিনিয়োগে মিউচ্যুয়াল ফান্ড বর্তমানে বিনিয়োগকারীদের জন্য একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য বিকল্প হিসেবে শক্ত অবস্থান করে নিয়েছে। সুদমুক্ত ও শরিয়াহসম্মত নীতিমালার আলোকে পরিচালিত এসব ফান্ড স্বচ্ছতা, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা এবং দীর্ঘমেয়াদি টেকসই আয়ের সুযোগ নিশ্চিত করে। নৈতিক বিনিয়োগ কাঠামোর কারণে সাধারণ বিনিয়োগকারীদের আস্থাও ক্রমেই বাড়ছে।
সুদমুক্ত, স্বচ্ছ ও দায়িত্বশীল বিনিয়োগ দর্শনের ভিত্তিতে পরিচালিত এই ফান্ডগুলো ইসলামী শরিয়াহ অনুযায়ী অনুমোদিত খাতে বিনিয়োগের মাধ্যমে শুধু আর্থিক মুনাফাই নয়, বরং সামাজিক দায়িত্ব পালন ও অর্থনৈতিক ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক আর্থিক ব্যবস্থায় যুক্ত হতে আগ্রহী বিনিয়োগকারীদের জন্য শরিয়াহভিত্তিক মিউচ্যুয়াল ফান্ড একটি কার্যকর, নিরাপদ ও সময়োপযোগী সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে। এবার শরিয়াহভিত্তিক বিনিয়োগে নতুন দিগন্ত উন্মোচর করতে চায় সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট। প্রতিষ্ঠানটি নতুন ফান্ড সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড। ফান্ডটির সার্বিক বিষয়ে বাণিজ্য প্রতিদিন এর সাথে কথা বলেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম-এর সঙ্গে।
প্রতিবেদক: সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড সম্পর্কে সংক্ষেপে বলবেন?
উত্তর: সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড একটি ওপেন-এন্ড শরিয়াহভিত্তিক মিউচুয়াল ফান্ড, যার প্রাথমিক আকার ২৫ কোটি টাকা। এই ফান্ডের মূল লক্ষ্য হলো শরিয়াহ নীতিমালা অনুসরণ করে দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও টেকসই রিটার্ন অর্জন করা। যারা সুদবিহীন ও নৈতিক বিনিয়োগে আগ্রহী, তাদের জন্য এটি একটি কাঠামোবদ্ধ ও পেশাদার বিনিয়োগ মাধ্যম।
প্রতিবেদক: বাংলাদেশের প্রেক্ষাপটে শরিয়াহ মিউচুয়াল ফান্ডের প্রয়োজনীয়তা কতটা?
উত্তর: বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। কিন্তু দুঃখজনকভাবে আমাদের ক্যাপিটাল মার্কেটে শরিয়াহসম্মত বিনিয়োগ পণ্যের সংখ্যা এখনো খুব সীমিত। অনেক বিনিয়োগকারী শুধুমাত্র শরিয়াহ কমপ্লায়েন্সের অভাবে শেয়ার বাজার থেকে দূরে থাকেন। শরিয়াহ মিউচুয়াল ফান্ড এই গ্যাপটি পূরণ করে—যেখানে নৈতিকতা, স্বচ্ছতা ও ঝুঁকি নিয়ন্ত্রণ একসাথে কাজ করে।
প্রতিবেদক: শরিয়াহ ফান্ডের মূল বেনিফিট কী?
উত্তর: শরিয়াহ ফান্ডের প্রধান সুবিধাগুলো হলো—
• সুদভিত্তিক আয়, অতিরিক্ত ঋণ ও অনৈতিক ব্যবসা পরিহার
• কম লিভারেজড ও মৌলভিত্তি শক্তিশালী কোম্পানিতে বিনিয়োগ
• তুলনামূলকভাবে ভোলাটিলিটি কম এবং ডাউনসাইড রিস্ক নিয়ন্ত্রিত
• দীর্ঘমেয়াদে স্থিতিশীল ও টেকসই রিটার্ন
বাস্তবে দেখা যায়, বাজার অস্থির থাকলে শরিয়াহ পোর্টফোলিও তুলনামূলক ভালো রেজিলিয়েন্স দেখায়।
প্রতিবেদক: এই ফান্ডটির শরীয়াহ কমপ্লায়েন্স কীভাবে নিশ্চিত করা হবে?
উত্তর: শরীয়াহ কমপ্লায়েন্স নিশ্চিত করতে একটি সুসংগঠিত ও শক্তিশালী শরীয়াহ গভার্ন্যান্স কাঠামো অনুসরণ করা হয়। এ ক্ষেত্রে অভিজ্ঞ ও স্বীকৃত স্কলারদের নিয়ে গঠিত একটি শরীয়াহ অ্যাডভাইজরি কমিটি সার্বিক তত্ত্বাবধান প্রদান করে। এই ফান্ডটির শরীয়াহ কমিটির সদস্যরা হলেন—
• ড. এইচ. এম মোশারফ হোসেন, অধ্যাপক ও চেয়ারম্যান, ফাইন্যান্স বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
• ড. কে. এম. জাকির হোসেন সেলিম, সহকারী অধ্যাপক ও একাডেমিক কো-অর্ডিনেটর, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক ফাইন্যান্স
• ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক, দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম
এ ছাড়া, এসেট ম্যানেজমেন্ট টিমের অধিকাংশ সদস্য ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছেন, যার ফলে দৈনন্দিন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শরীয়াহ নীতিমালা কার্যকরভাবে অন্তর্ভুক্ত ও অনুসরণ করা নিশ্চিত হয়।
প্রতিবেদক: বর্তমানে বাংলাদেশের মিউচুয়াল ফান্ড সেক্টরকে আপনি কীভাবে দেখছেন?
উত্তর: বাংলাদেশের মিউচুয়াল ফান্ড সেক্টর এখনো আন্ডারডেভেলপড, বিশেষ করে অর্থনীতির আকারের তুলনায়। তবে এটি একটি high potential sector। প্রাতিষ্ঠানিক ও খুচরা বিনিয়োগকারীদের জন্য মিউচুয়াল ফান্ড হলো সবচেয়ে ডিসিপ্লিনড ও রিস্ক-অ্যাডজাস্টেড বিনিয়োগ মাধ্যম। নীতিগত সহায়তা ও বিনিয়োগকারী শিক্ষা বাড়লে এই সেক্টরই ভবিষ্যতে বাজারের স্থিতিশীলতার মূল স্তম্ভ হবে।
প্রতিবেদক: শেয়ার বাজার দীর্ঘদিন ধরে দুর্বল। এই সময়ে নতুন ফান্ড আনার যৌক্তিকতা কী?
উত্তর: আমাদের অভিজ্ঞতায়, সেরা পোর্টফোলিও সবসময় খারাপ বাজারেই তৈরি হয়। বর্তমানে বাংলাদেশের স্টক মার্কেটে বহু ভালো কোম্পানি তাদের প্রকৃত মূল্যের অনেক নিচে ট্রেড করছে। যারা এখন ধৈর্য ধরে বিনিয়োগ করবেন, তারা পরবর্তী মার্কেট সাইকেলে সবচেয়ে বেশি লাভবান হবেন।
এই সময়েই ফান্ডের পোর্টফোলিও তৈরি করা মানে হলো—
“Low price entry, high margin of safety.”
এছাড়াও সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড শুরু করার প্রেরণা এসেছে একদিকে বাজারের বাস্তব চাহিদা থেকে, অন্যদিকে বাংলাদেশে ইসলামিক ফাইন্যান্সের সামগ্রিক বিকাশধারা থেকে।
সাম্প্রতিক সময়ে কয়েকটি সমস্যাগ্রস্ত শরীয়াহভিত্তিক ব্যাংককে একীভূত করে নতুন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান— সম্মিলিত ইসলামী ব্যাংক পি এল সি —গঠনের উদ্যোগ ইসলামিক ফাইন্যান্স ইকোসিস্টেমে স্থিতিশীলতা ও আস্থা জোরদারের প্রচেষ্টারই প্রতিফলন। এই ধরনের কাঠামোগত সংস্কার, যা সিস্টেমিক ঝুঁকি ব্যবস্থাপনা ও খাতের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ, তার প্রেক্ষাপটে কিছু সঞ্চয়কারী ও বিনিয়োগকারী স্বাভাবিকভাবেই ব্যাংক আমানতের পাশাপাশি বিকল্প শরীয়াহসম্মত বিনিয়োগের সুযোগ সম্পর্কে আগ্রহী হতে পারেন।
আমাদের ফান্ডটি এই পরিবর্তিত বাস্তবতায় একটি সহায়ক ও সময়োপযোগী ভূমিকা পালনের উদ্দেশ্যে প্রবর্তিত হয়েছে। যেখানে একীভূতকরণ উদ্যোগ মূলত আমানতকারীদের সুরক্ষা ও ব্যাংকিং সেবার ধারাবাহিকতা নিশ্চিত করার দিকে কেন্দ্রীভূত, সেখানে সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড বিনিয়োগকারীদের জন্য একটি বিকল্প শরীয়াহসম্মত বিনিয়োগ চ্যানেল প্রদান করে, যা—
• শক্তিশালী গভার্ন্যান্স কাঠামোর অধীনে পেশাদারভাবে পরিচালিত,
• কেবল ঋণভিত্তিক বিনিয়োগে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন এসেট ক্লাসে বৈচিত্র্যপূর্ণ, এবং
• নিয়ন্ত্রক কাঠামোর মধ্যে থেকে দীর্ঘমেয়াদি মূলধন বৃদ্ধি ও আয়ের সম্ভাবনা তৈরি করে।
এই অর্থে, শরীয়াহ ফান্ডটি ইসলামিক ব্যাংকিংয়ের পরিপূরক হিসেবে কাজ করে—শুধু আমানতকারীদের জন্য নয়, বরং সেইসব বিনিয়োগকারীদের জন্যও যারা নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে পুঁজিবাজারভিত্তিক রিটার্নে অংশগ্রহণ করতে চান।
২০২২ সালে সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড তাদের প্রথম ফান্ড সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সট ইনকাম ফান্ড চালু করে। যা ফিক্সড ইনকাম সিকিউরিটিজে বিনিয়োগ করে এবং দেশের অন্যতম কর-সাশ্রয়ী ফান্ড হিসেবে স্বীকৃত। বর্তমানে ফান্ডটির এইউএম ১১০ কোটির বেশি। গত তিন বছরে প্রায় ৯% সিএজিআর এবং ২০২৫ সালে ১৩.৫% রিটার্ন অর্জনের মাধ্যমে ঝুঁকি ব্যবস্থাপনা ও পোর্টফোলিও গঠনে আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে।
প্রতিবেদক এই ফান্ডের বিনিয়োগ কৌশল কী হবে?
উত্তর: আমরা মূলত— ফান্ডটির এসেট অ্যালোকেশন কাঠামোটি তারল্য, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির মধ্যে ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে প্রণীত। সে অনুযায়ী, ফান্ডটি মোট সম্পদের সর্বোচ্চ ২০% পর্যন্ত শরীয়াহসম্মত মানি মার্কেট ইন্সট্রুমেন্টে বিনিয়োগ করতে পারবে, যাতে প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করা যায়; সর্বোচ্চ ৪০% পর্যন্ত বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (BGIS)-এ বিনিয়োগ করবে, যা স্থিতিশীলতা ও নিয়মিত আয়ের দৃশ্যমানতা প্রদান করে; এবং অবশিষ্ট অংশ শরীয়াহসম্মত তালিকাভুক্ত শেয়ার, ইকুইটি-লিঙ্কড সিকিউরিটিজ ও অন্যান্য অনুমোদিত শরীয়াহসম্মত বিনিয়োগে বরাদ্দ করা হবে, যাতে দীর্ঘমেয়াদি মূলধন বৃদ্ধি সাধিত হয়।
এই কাঠামোর আওতায় আমরা মূলত শরীয়াহ স্ক্রিনিং পাস করা ফান্ডামেন্টালি শক্তিশালী কোম্পানি, নিয়মিত ক্যাশ ফ্লো ও উচ্চ ব্যবসায়িক স্বচ্ছতা রয়েছে এমন প্রতিষ্ঠান, এবং দীর্ঘমেয়াদি গ্রোথ সম্ভাবনাসম্পন্ন সেক্টর—এই তিনটি বিষয়ের ওপর বিনিয়োগে অগ্রাধিকার দেব। আমাদের লক্ষ্য short-term speculation নয়, বরং একটি disciplined, research-driven portfolio management পদ্ধতির মাধ্যমে টেকসই ও দায়িত্বশীল সম্পদ গঠন।
প্রতিবেদক: শরিয়াহ দৃষ্টিকোণ থেকে শেয়ার বাজারকে কীভাবে মূল্যায়ন করেন?
উত্তর: শরিয়াহ দৃষ্টিকোণ থেকে শেয়ার বাজারকে এককভাবে নিষিদ্ধ বা অনুচিত বলা যায় না। বরং এটি শর্তসাপেক্ষে গ্রহণযোগ্য। ইসলাম কখনোই ব্যবসা বা বিনিয়োগ নিরুৎসাহিত করে না; বরং ন্যায্য বাণিজ্য, ঝুঁকি ভাগাভাগি এবং সম্পদভিত্তিক আয়ের প্রতি উৎসাহ প্রদান করে।
শেয়ার বাজার শরিয়াহসম্মত হতে পারে—যদি সংশ্লিষ্ট কোম্পানির ব্যবসার প্রকৃতি হালাল হয়, অতিরিক্ত সুদভিত্তিক লেনদেন ও অতিরিক্ত ঋণনির্ভরতা না থাকে, এবং আর্থিক কাঠামো ও পরিচালন প্রক্রিয়া শরিয়াহ নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। এ ক্ষেত্রে সঠিক স্ক্রিনিং, ধারাবাহিক তদারকি এবং স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সঠিকভাবে পরিচালিত ও শরিয়াহ নীতিমালা অনুসরণকারী শেয়ার বাজার বিনিয়োগকারীদের জন্য বৈধ ও কার্যকর একটি সম্পদ গঠনের মাধ্যম হতে পারে, যা একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ বজায় রাখতে সহায়ক।
প্রতিবেদক: এই ফান্ডের কাস্টডিয়ান ও ট্রাস্টি সম্পর্কে বলবেন?
উত্তর: ফান্ডটির Custodian হিসেবে রয়েছে Commercial Bank of Ceylon, যা একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ও বিশ্বস্ত ব্যাংক।আর Trustee হিসেবে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই দুটি প্রতিষ্ঠান ফান্ডের স্বচ্ছতা, নিরাপত্তা ও গভার্নেন্স নিশ্চিত করবে।
প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য আপনার বার্তা কী?
উত্তর: শেয়ার বাজারে লাভ করার সবচেয়ে বড় শর্ত হলো—ধৈর্য, সঠিক সময় এবং সঠিক প্রোডাক্ট নির্বাচন। যারা শরিয়াহসম্মত, পেশাদারভাবে পরিচালিত এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ খুঁজছেন— সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড তাদের জন্য একটি সময়োপযোগী সুযোগ।
প্রতিবেদক: শেষ কথা?
উত্তর: শরীয়াহসম্মত বিনিয়োগ মানে হলো শৃঙ্খলাবদ্ধ, নৈতিক ও স্বচ্ছ সম্পদ গঠন। শক্তিশালী গভার্ন্যান্স কাঠামো এবং দীর্ঘমেয়াদি দৃষ্টিভঙ্গির মাধ্যমে শরীয়াহসম্মত মিউচুয়াল ফান্ড অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি— “Ethical investing is not only religiously right—it is economically smart.”
সন্ধানী এএমএল এসএলএফএল শরিয়াহ ফান্ড শুধু একটি বিনিয়োগ পণ্য নয়; এটি বিশ্বাস, শৃঙ্খলা ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির একটি প্ল্যাটফর্ম, যা বিনিয়োগকারীদের দায়িত্বশীল ও টেকসইভাবে সম্পদ গঠনে সহায়তা করে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













