পুঁজিবাজার নিয়ে বিএনপি ও জামায়াতের নির্বাচনী ইশতেহারে যা আছে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-০৮ ২১:৫৯:৩৫


নির্বাচনী ইশতেহারে দেশের পুঁজিবাজারের নিয়ে নিজেদের অঙ্গীকার তুলে ধরেছে প্রতিদ্বন্দী দুই বড় রাজনৈতিক দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। উভয় দল পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কারে পদক্ষেপের কথা জানিয়েছে। গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ৬ ফেব্রুয়ারি বিএনপি তাদের দলীয় নির্বাচনী ইশতেহার প্রকাশ করে।

বিএনপি সবার আগে বাংলাদেশ স্লোগানে ৫টি মূল বিষয়ে তাদের ইশতেহার তুলে ধরে। এতে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার শিরোনামে পুঁজিবাজার সংস্কার ও উন্নয়ন পয়েন্টে কয়েকটি পদক্ষেপ তুলে ধরা হয়। ইশতেহারে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের স্বাধীনতা ও স্বায়ত্তশাসন, পুঁজিবাজার সংস্কার কমিশন গঠন, পুঁজিবাজারে স্বচ্ছতা আনয়ন, কারসাজি বন্ধ করা, শক্তিশালী বন্ড ও ইক্যুইটি মার্কেট গঠন, কর্পোরেট বন্ড ও সুকুক প্রবর্তন এবং প্রবাসীদের জন্য ইনভেস্টমেন্ট গেটওয়ে চালু করার অঙ্গীকার করা হয়। পাশাপাশি পুঁজিবাজারে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, পুঁজিবাজারে প্রবেশাধিকার সহজলভ্য করা, স্টার্টআপ ও এসএমই খাতের জন্য ‘ভিজিটাল আইপিও এক্সপ্রেস’ ব্যবস্থা চালু করা, পুঁজিবাজার ট্রাইব্যুনাল গঠন এবং শিক্ষার্থীদের মধ্যে পুঁজিবাজার সংক্রান্ত শিক্ষার প্রসারের ব্যাপারেও অঙ্গীকার করা হয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশের ইশতেহার শিরোনামে ৮ ভাগে তাদের নির্বাচনী ইশতেহার তুলে ধরেছে। এতে ২৬ বিষয়ে অগ্রাধীকার দেওয়া হয়েছে। তৃতীয় ভাগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপকভিত্তিতে কর্মসংস্থান শীর্ষক পয়েন্টে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিষয়ে দলীয় অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

ইশতেহারে বলা হয়, শেয়ারবাজারে সকল প্রকার অনিয়ম ও কারসাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আস্থাহীনতা দূর করে শেয়ার বাজারকে গতিশীল ও কার্যকর করা হবে। এছাড়াও শেয়ার বাজার কেলেঙ্কারীর সাথে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার অঙ্গীকার করা হয় ইশতেহারে।

বিএইচ