এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার নিয়ে বিএসইসির নির্দেশনা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১৭ ১৯:৪৮:২২


পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৯৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করে। ২০২২ সালের ৩১ আগস্ট ৮৩৭তম কমিশন সভায় এশিয়াটিক ল্যাবরেটরিজের বুক বিল্ডিং পদ্ধতির আইপিও অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে এখন পর্যন্ত প্রাথমিক গণ প্রস্তাবের মাধ্যমে উত্তোলনকৃত অর্থের ব্যবহার সম্পন্ন করতে পারেনি এশিয়াটিক ল্যাবরেটরিজ।

এমতাবস্থায় এশিয়াটিক ল্যাবরেটরিজের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। মঙ্গলবার বিএসইসির ৯৯৯তম কমিশন সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানিটির উদ্যোক্তা, পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের (প্রসপেক্টাসে উল্লেখিত ১৮৩ জন/প্রতিষ্ঠান) শেয়ারের উপর বিদ্যমান লক-ইন অবমুক্তির তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছর বা প্রস্তাবিত ৩২-তলাবিশিষ্ট বিল্ডিংয়ের নির্মাণকাজের সমাপ্তি ও বাণিজ্যিক ব্যবহার চালুকরণের (রাজউক এর অকুপেন্সি সার্টিফিকেটসহ) মধ্যে যেটি পরে সম্পন্ন হবে ততদিন পর্যন্ত লক-ইন বৃদ্ধি করা হয়েছে।

বিএসইসি জানিয়েছে, বাজার পরিস্থিতি ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় ডিএসই’র সুপারিশ অনুযায়ী এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের উদ্যোক্তা, পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসি জানায়, আইপিওর অর্থ উত্তোলণের সময় ব্যবসা সম্প্রসারণ (যন্ত্রপাতি ক্রয় ও ইনস্টলেশন), ফ্যাক্টরি ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে আইপিও ব্যয় করবে বলে জানিয়েছিল কোম্পানিটি।

গত বছরের ২৮ সেপ্টেম্বর প্রকল্প মূল্যায়ন, সম্ভাব্যতা যাচাই ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন (রাজউক কর্তৃক বিল্ডিং প্ল্যান অনুমোদন, পরিবেশগত ছাড়পত্র ইত্যাদি) ছাড়াই মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করে এশিয়াটিক ল্যাবরেটরিজ। কোনরকম পূর্বঅভিজ্ঞতা ও দক্ষতা ছাড়াই ৩২-তলাবিশিষ্ট ভবন নির্মাণের উচ্চাভিলাসী পরিকল্পনাও প্রকাশ করেছে কোম্পানিটি।

অথচ এমন বহুতল ভবন নির্মাণ তথা রিয়েল এস্টেট বা হোটেল ব্যবসায় যুক্ত হওয়ার বিষয়টি কোম্পানির সংঘস্মারক বা মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশনের সাথেও সংগতিপূর্ণ নয়। এ বিষয়ে পরিদর্শন করে একটি প্রতিবেদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তাতে এই অসংগতির বিষয়টি তুলে ধরা হয়। এর প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিল নিয়ন্ত্রক সংস্থা।

বিএইচ