কমোডিটি মার্কেট চালুর প্রস্তুতি প্রায় শেষ: মেজবাহ উদ্দিন
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-০৩ ২০:৪৭:১০
চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসির কমোডিটি মার্কেটের কার্যক্রম চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন সিএসই’র জেনারেল ম্যানেজার এবং আইসিটি বিভাগের প্রধান মেজবাহ উদ্দিন।
তিনি বলেন, কমোডিটি মার্কেটের কার্যক্রম চালুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মার্কেট সংশ্লিষ্ট সকলের প্রশিক্ষণ, সচেতনতা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রম জরুরি। সমন্বিত অংশগ্রহণ যত স্বতঃস্ফূর্ত হবে, এর সুফল তত দ্রুত গ্রহন করা সম্ভব হবে।
মঙ্গলবার (৩ মার্চ) সিএসই’র কার্যালয়ে দুদিন ব্যাপী কমোডিটি ডেরিভেটিভস (কমোডিটি ডেরিভেটিভস) বিষয়ক সার্টিফিকেট প্রশিক্ষণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
প্রশিক্ষণে সিএসই এবং ডিএসইর ট্রেক ও পুঁজিবাজারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সিএসইর জেনারেল ম্যানেজার ও রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মর্তুজা আলম, জেনারেল ম্যানেজার এবং বিজনেস এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মনিরুল হক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মূল প্রশিক্ষণে কমোডিটি এক্সচেঞ্জ বিষয়ক রেগুলেটরি, বিজনেস এবং টেকনোলজি বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন মর্তুজা আলম, কমোডিটি এক্সচেঞ্জ প্রোজেক্ট সদস্য ফয়সাল হুদা, হাবিবুল্লাহ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দিদারুল আলম। এছাড়া এমসিএক্স (মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ) ইন্ডিয়া-র ভাইস প্রেসিডেন্ট অব রিসার্চ, দেবজ্যোতি দে অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করেন।
বিজনেস এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মনিরুল হক বলেন, ইক্যুইটি (ইক্যুইটি) এবং কমোডিটি মার্কেটের মধ্যে পার্থক্য আছে। বিশেষ করে সেটেলমেন্ট (সেটেলমেন্ট) পদ্ধতি, মার্জিন সিস্টেম এবং ট্রেডিং পদ্ধতিতে। বিশ্বজুড়ে বাজার পরিস্থিতি বিচার বিশ্লেষণ করা জরুরি। কমোডিটি মার্কেটের মূল আকর্ষণ হলো এটি লেভারেজড এবং তথ্যভিত্তিক। আপনার তথ্য ভাণ্ডার যত বেশি, সিদ্ধান্ত গ্রহণ তত দ্রুত।
রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মর্তুজা আলম বলেন, দুই দিনে কমোডিটি মার্কেট পুরোপুরি জানা সম্ভব নয়। তবে বুনিয়াদি কোর্স পরবর্তী পদক্ষেপের জন্য পথ দেখাবে। আশা করি, প্রশিক্ষণের মাধ্যমে জানা বিষয়গুলোর চর্চা অব্যাহত রাখবেন এবং নিজেকে প্রস্তুত করবেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













