গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে সরকার: ড. হেলাল
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-০৯ ২১:৩৮:৫৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড হেলাল উদ্দিন বলেছেন, নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ দেওয়ার আহ্বান জানিয়ে সরকার এখন গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পল্টন থানার বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. হেলাল বলেন, আজকের প্রধানমন্ত্রী প্রকাশ্যে জনসভায় দেশবাসীকে জুলাই সনদের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। জনগণ গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার পর এখন তিনি সরকার গঠন করে গণভোটের রায় বাস্তবায়নের পরিবর্তে আদালতের দিকে ঠেলে দিচ্ছে। কারণ জুলাই সনদ বাস্তবায়ন হলে তারা ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, সন্ত্রাসী-চাঁদাবাজি করতে পারবে না। এই ভয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে এড়িয়ে যাওয়ার চেষ্টা ষড়যন্ত্র করছে।
তিনি হুশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করে কোনরূপ ষড়যন্ত্র করলে ছাত্র-জনতা সকল ষড়যন্ত্র রুখে দেবে।
এসময় ড. হেলাল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনের আগে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচিত সরকার ক্ষমতায় বসলে সন্ত্রাস-চাঁদাবাজ দমন করা হবে। কিন্তু বিএনপি সরকার গঠনের ১ মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। বরং আগের চেয়ে খুন, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, চাঁদাবাজ বেড়ে গেছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী অত্যাচার জনগণ অতিষ্ঠ। আনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ড সভাপতি এনামুল হক শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, পল্টন থানা আমীর এডভোকেট মারুফুল ইসলাম, পল্টন থানা সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম, সাবেক কাউন্সিলর খন্দকার আব্দুর রব।
এছাড়াও অনুষ্ঠানে বায়তুল মোকাররম মসজিদ মার্কেটের সহস্রাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। সভাশেষে ব্যবসায়ীদের সম্মানে বায়তুল মোকাররম সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














