হাম ও হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১১ শিশুর মৃত্যু

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-০৭ ১৭:০০:২৫


হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় (৬ এপ্রিল সকাল ৮টা থেকে ৭ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ এবং নিশ্চিত হামে ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ২৩৬ জন এবং গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯ হাজার ৮৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন, গত ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা এক হাজার ৩৯৮ জন।

১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ছয় হাজার ৮৮৩ জন।

একই সময়ে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন চার হাজার ৬৩৫ জন। মৃত্যুর হিসেবে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

একই সময়ে জেলার তালিকাতেও ঢাকায় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত একজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ২১ জনের।

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ১০ জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে মৃত্যু হয়েছে ১২৮ জনের।

বিএইচ