কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্টের অনিয়ম তদন্তে বিএসইসি’র কমিটি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-০৮ ১৭:৩৭:৩০
পুঁজিবাজারে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কনস্টেলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে তদন্তের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থাটি।
প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ বাতিলের প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য উদঘাটনের উদ্দেশ্যে এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে।
পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থ রক্ষা এবং সাধারণ বিনিয়োগকারীদের সুরক্ষার লক্ষ্যে তদন্ত পরিচালনা প্রয়োজন বলে মনে করছে কমিশন।
এ বিষয়ে মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের ইনসপেকশন, ইনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
যেসব বিষয়ে তদন্ত হবে
প্রতিষ্ঠানটির বিষয়ে তদন্তের কার্যপরিধিতে একাধিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে—গ্রাহকদের কাছ থেকে প্রাপ্য হিসাব (রিসিভেবলস) ও গ্রাহকদের প্রতি প্রদেয় হিসাবের (পেয়েবলস) সর্বশেষ তথ্য সংগ্রহ, কোম্পানির সর্বশেষ সম্পদ ও দায়ের পূর্ণাঙ্গ তথ্য যাচাই। এর পাশাপাশি সিকিউরিটিজ আইন ও বিধিবিধান লঙ্ঘনের বিষয়ে পর্যবেক্ষণ, অনুসন্ধান ও মন্তব্য প্রদান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনায় থাকা তহবিলের বর্তমান অবস্থার বিষয়ে পর্যালোচনাও তুলে ধরবে তদন্ত কমিটি। এছাড়া সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করে কমিশনকে সুপারিশ করতে বলা হয়েছে।
তিন সদস্যের তদন্ত কমিটি
তদন্ত কার্যক্রম পরিচালনার জন্য বিএসইসির তিন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা হলেন— সংস্থাটির অতিরিক্ত পরিচালক উম্মে সালমা, সহকারী পরিচালক মিজানুর রহমান ও মাহমুদুল হাসান। তদন্ত কমিটিকে আদেশ জারির তারিখ থেকে ৩৫ কার্যদিবসের মধ্যে কমিশনের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













