পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: ভূমি প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৪-১৬ ২১:৫৯:৪২


পার্বত্য চট্টগ্রামের দীর্ঘদিনের ভূমি সমস্যার স্থায়ী সমাধান এবং স্থানীয় জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ব্যবস্থার আমূল পরিবর্তনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বান্দরবানের সুয়ালক আবাসিক উচ্চ বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ভূমি সমস্যার সমাধানের পাশাপাশি এই অঞ্চলে শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করার মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা হবে।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন এমপি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সকল ধর্ম-বর্ণ ও জাতিগোষ্ঠীকে ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদের পতাকাতলে ঐক্যবদ্ধ করেছিলেন। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শকে ধারণ করে বাংলাদেশে ‘রংধনু সংস্কৃতি’ ও সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, বিহু ও চাংক্রান, এসবের বর্ণিল সাংস্কৃতিক বৈচিত্র্যই হলো প্রকৃত বাংলাদেশ। তিনি এই সম্প্রীতির বন্ধনকে বিশ্বদরবারে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের ১২টি সম্প্রদায় ও বাঙালিদের মধ্যকার এই সৌহার্দ্যই প্রমাণ করে বাংলাদেশ সাংস্কৃতিক দিক থেকে এই অঞ্চলের সবচেয়ে সমৃদ্ধ দেশ।

বিএইচ