দুই-তিন দিনের মধ্যে জ্বালানি তেল অনেকটা স্বাভাবিক হয়ে যাবে: শ্রমমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২৩ ১০:৩৪:২৭
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্হির বিশ্বের সাথে তাল মিলিয়েই বাংলাদেশেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। আমাদের ডিজেলের কোন সমস্যা নেই। দুই-তিন দিনের মধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।
বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে ঈদ-উল আযহা উপলক্ষ্যে গাজীপুর এবং ঢাকা জেলার শিল্পাঞ্চলে শ্রমিকদের বেতন-বোনাস সুশৃঙ্খল ও সন্তোষজনক নিষ্পত্তির লক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদেরকে ফিল্ডে গিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। আমরা সেভাবেই কাজ করছি। গাজীপুরের বিভিন্ন কলকারখানার শ্রমিকদের সমস্যাগুলো চিহ্নিত করার জন্য এখানে এসেছি। পরবর্তীতে শ্রমিক মালিকদের নিয়ে আলোচনা করা হবে। তখন সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী বলেন, শ্রমিক-মালিক মিলে কিভাবে আমাদের এই শ্রমিক বান্ধব এলাকার সামনের দিকগুলো ভালোভাবে রাখা যায়, কর্মসংস্থান কিভাবে বাড়ানো যায়, শ্রমিকদের সমস্যা কিভাবে সমাধান করা যায়, কিভাবে কলকারখানা গুলো সমৃদ্ধ করা যায়, কি কি সমস্যা রয়েছে এবং কিভাবে সমাধান করা হয়, আমাদের ইন্ডাস্ট্রিগুলো কিভাবে উন্নয়ন করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এসব বিষয় নিয়ে আমাদের ওয়ার্ক করতে হবে।
মন্ত্রী বলেন, শিল্প কারখানার জন্য যে তেল দেওয়া হচ্ছে এটা সাধারণ মানুষ বুঝতে পারছে না। কারখানাগুলোতে অকটেন ও পেট্রোল দেওয়া হচ্ছে না কেবলমাত্র ডিজেল দেওয়া হচ্ছে। যেন ভুল বোঝাবুঝি না হয় সেজন্য প্রতিটি পাম্পে এবং যে গাড়িগুলো তেল বহন করবে তাদের জন্য যে নির্ধারিত তেল আছে এগুলো নেওয়ার জন্য যেন প্রতিবন্ধকতা তৈরি না হয় সেটা আজ থেকে বলে দেওয়া হচ্ছে। আগামীকাল থেকে যতটা পাম্প আছে যার যার অ্যাসাইনমেন্ট দেওয়া আছে সেভাবে তেল নিতে পারবে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক চৌধুরী ইসরাত আহমেদ সিদ্দিকী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, জাতীয় নিরাপতআ গোয়েন্দার (এনএসআই) মহাপরিচালক মেজর জেনারেল ফরিদ, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক আবদুছ সামাদ আল আজাদ, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মোঃ ইমরুল মহসিন, শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবু কালাম সিদ্দিক, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার ইসরাইল হাওলাদার, পুলিশ জেলা পুলিশ সুপার (এসপি) শরিফ উদ্দীন, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম আলী, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার (এসপি) সীমা রানী সরকার,জেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, বিভিন্ন শিল্প কারখানার মালিক/প্রতিনিধি ও শ্রমিক প্রতিনিধি এবং অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













