কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৯
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৪-২৯ ০৮:৪০:১৮
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী উপজেলার বাঁশেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মনির হোসেনের মেয়ে সাদিয়া আক্তার (৮), একই এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুরনবী মিয়া (২৮), ভূরুঙ্গামারী উপজেলার ধলডাঙা গ্রামের সাইফুর রহমানের ছেলে মাইক্রোবাসের চালক লিমন মিয়া (২৮)।
এলাকাবাসী জানায়, নিহত নুরনবী ও সাদিয়া সম্পর্কে চাচা ভাতিজি। তারা চিকিৎসা নিতে রংপুরে গিয়েছিলেন। রংপুর থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
এ ঘটনায় আহতরা হলেন হামিদুল ইসলাম, শান্তা বেগম, সমশের আলী, জবা বেগমসহ অন্তত ৯ জন।
হতাহতদের সবার বাড়ি ভূরুঙ্গামারী উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান। তিনি জানান, একটি মাইক্রোবাস ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজন মারা যান।
আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













