বাগেরহাটে মাদকবিরোধী অভিযানে তিনজন আটক

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৫-১৫ ০৯:৩৫:২৬


বাগেরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে দুইজনকে কারাদণ্ড এবং ১১০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বাগেরহাট সদর ও রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব আসামিকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

বাগেরহাট সদর উপজেলার দক্ষিণখানপুর এলাকায় সকাল ৯টার দিকে পরিচালিত অভিযানে নান্টু শেখ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি দক্ষিণখানপুর এলাকার শেখ মোসলেম উদ্দিনের ছেলে। এসময় তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক সেবন, সংরক্ষণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মামলার প্রসিকিউশন দাখিল করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম। আদালত পরিচালনা করেন বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

একইদিন সকাল ১০টার দিকে রামপাল উপজেলার চাকশ্রী এলাকায় অভিযান চালিয়ে শেখ রফিকুল ইসলাম ওরফে ছুটে (৫২) নামে আরেক ব্যক্তিকে আটক করা হয়। তিনি চাকশ্রী গ্রামের মৃত শেখ আঃ রহমানের ছেলে। তার কাছ থেকেও গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা সেবন ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেন রামপালের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। মামলার প্রসিকিউশন দাখিল করেন উপ-পরিদর্শক বিজয় কুমার মজুমদার।

এদিকে, একইদিন সকালে বিশেষ অভিযানে রামপাল উপজেলার কালেখারবেড় এলাকায় মোঃ বাবর আলী (বাবু) (৫৩) নামে এক ব্যক্তিকে ১১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি মোঃ মজিদ ইজারাদারের ছেলে। তার পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে রামপাল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাটের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জেলার কোথাও মাদক কারবারি বা সেবনকারীদের ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

এনজে