সুন্দরবনে ‘বনবিভাগের গুলিতে’ কাঁকড়া জেলে নিহত হওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৫-১৯ ১১:২৯:৪৭


সুন্দরবনের খুলনা রেঞ্জের শতমুখি খাল এলাকায় বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান (৪৫) নামে এক কাঁকড়া জেলে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

​নিহত আমিনুর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা এলাকার আকসেদ গাজীর ছেলে।

​নৌকায় থাকা সহযোগী জেলেদের দাবি, সকালে সুন্দরবনের শতমুখি খালে তাঁরা কাঁকড়া ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় বনবিভাগের ‘খুলনা স্মার্ট পেট্রোল টিম’-এর সদস্যরা তাঁদের ডাকেন। জেলেরা ভয়ে বা অন্য কোনো কারণে কাছে যেতে দেরি করলে বনবিভাগের সদস্যরা গুলি ছোড়েন বলে অভিযোগ করেন তাঁরা। এতে আমিনুর রহমান গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

​তবে গুলির বিষয়টি বনবিভাগ সরাসরি স্বীকার বা অস্বীকার করেনি। জানতে চাইলে বনবিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাঁরা ঘটনাটি শুনেছেন এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বনবিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “সুন্দরবনের ভেতরে বর্তমানে বনদস্যু নির্মূলে যৌথ বাহিনীর অভিযান চলছে। সেখানে বনবিভাগ ও কোস্টগার্ডসহ অন্যান্য বাহিনী একযোগে দায়িত্ব পালন করছে। ঘটনার প্রকৃত কারণ কী, তা তদন্তের পর জানা যাবে।”

​এদিকে এই ঘটনার পর গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুদুল আলম খুলনা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও), সাতক্ষীরার সহকারী বন সংরক্ষক (এসিএফ), শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং স্থানীয় থানাকে বিষয়টি অবহিত করেছেন।

​ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, “বনবিভাগের ডিএফও আমাকে আশ্বস্ত করেছেন যে, সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​জেলে নিহতের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আমিনুরের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভ বিরাজ করছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এনজে