শরীয়তপুরে বজ্রপাতে প্রাণ গেল তিন সন্তানের জনকের
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৫-২২ ১৫:৪০:১৪
শরীয়তপুর জেলার সখিপুর থানার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শাহেদ আলী কান্দি গ্রামে বজ্রপাতে ফয়সাল আহমেদ বেপারী (৩৫) নামে তিন সন্তানের জনকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের বাসিন্দা ফজলুল হক ব্যাপারীর ছেলে। নিহত ফয়সাল আহমেদ বেপারী দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফয়সাল আহমেদ বেপারী বাড়ির পাশের নিজ ফসলের মাঠে গরুর জন্য গাছ কাটতে যান। এ সময় আকাশে হঠাৎ কালো মেঘ জমে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের এক পর্যায়ে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তবে ততক্ষণে তিনি মারা যান বলে জানা যায়। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে শোকের মাতম শুরু হয়। স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, ফয়সাল আহমেদ বেপারী ছিলেন অত্যন্ত শান্ত, পরিশ্রমী ও পরিবারমুখী একজন মানুষ। পরিবারের জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের মতো সেদিনও তিনি মাঠে কাজ করতে গিয়েছিলেন। কিন্তু হঠাৎ বজ্রপাত তার জীবনের সব স্বপ্ন মুহূর্তেই শেষ করে দেয়।
নিহতের পরিবারে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা এখন দিশেহারা হয়ে পড়েছেন। এলাকাবাসী শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













