সব খেলাপি ঋণ আদায়ের উদ্যোগ নিয়েছে সরকার: তথ্যমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-২৭ ২১:২৭:৩৮


তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন সরকার দেশের সব খেলাপি ঋণ আদায় করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, আমরা যে প্রতিশ্রুতি দিয়েছি, সেগুলো পূরণ করার উদ্যোগ নিয়েছি।

আজ বুধবার বিকেলে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হলরুমে ঈদুল আজহার শুভেচ্ছা ও মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গত ২০ বছরে বাংলাদেশের যত টাকা ঋণ দেওয়া হয়েছে, তার মধ্যে শতকরা ৩০ ভাগ খেলাপি হয়েছে। এই পরিসংখ্যানটা দেখে বোঝা যায় বিগত সরকার ব্যাংক লুট করার জন্য সহযোগিতা করেছে। আর সেই ঋণের বোঝা এখন জাতিকে বহন করতে হচ্ছে।

জহির উদ্দিন স্বপন বলেন, লোকদের ভয় দেখানো, ২০২৪ সালের জানুয়ারিতে জোর করে নির্বাচন করা হয়েছে। আগস্ট মাসে পালিয়ে গেছে। এত অপমান আর অসম্মানজনকভাবে পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে পালিয়ে যেতে হয়নি।

আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে রাজনৈতিক ও প্রশাসনিক নেতারা উপস্থিত ছিলেন।

এনজে