ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৬-২৭ ১২:৫৫:০১
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এ হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫৮ জনে।
আজ শনিবার সকালে চার শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. ঝন্টু সরকার জানান, ময়মনসিংহের হালুয়াঘাটের শাপলা বাজার থেকে আসা ৪ মাস বয়সী মেয়ে শিশু গত ১৮ জুন হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) দুপুরে শিশুটির মৃত্যু হয়।
তিনি জানান, নেত্রকোনার কলমাকান্দা থেকে আসা চার মাস বয়সী ছেলে শিশু গত ১৬ জুন হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকালে শিশুটি মারা যায়। ময়মনসিংহের ফুলপুরে পলাশকান্দা গ্রাম থেকে আসা তিন মাস বয়সী ছেলে শিশুকে গতকাল শুক্রবার সকালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় শিশুটি মারা যায়। এ ছাড়া সুনামগঞ্জ সদরের মদনপুর গ্রাম থেকে আট মাস বয়সী মেয়ে শিশু গত ৮ জুন হাসপাতালে ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে শিশুটি মারা যায়।
তিনি আরও জানান, মারা যাওয়া শিশু হাম উপসর্গ ছাড়াও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত ছিল। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে ৯৪ শিশু চিকিৎসাধীন আছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













