জর্ডানকে উড়িয়ে নকআউটে আর্জেন্টিনা, মেসির নতুন ইতিহাস
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৬-০৬-২৮ ১০:২৯:২৩
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। দাপুটে এ জয়ে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে জয়ের রাতটিকে আরও স্মরণীয় করে তুলেছেন লিওনেল মেসি। বদলি হিসেবে মাঠে নেমে গোল করে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
রোববার যুক্তরাষ্ট্রের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের জে গ্রুপের শেষ ম্যাচে জিওভানি লো সেলসো, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসির গোলে জয় পায় আর্জেন্টিনা। জর্ডানের হয়ে একমাত্র গোলটি করেন মুসা আল-তামারি।
নকআউট নিশ্চিত থাকায় এই ম্যাচে প্রথম একাদশে নয়টি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ফলে প্রায় ২০ বছর পর বিশ্বকাপে মেসিকে ছাড়াই ম্যাচ শুরু করে আর্জেন্টিনা। তবে শুরু থেকেই প্রতিপক্ষের ওপর চাপ সৃষ্টি করতে থাকে আলবিসেলেস্তেরা।
ম্যাচের ১৯তম মিনিটে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন জিওভানি লো সেলসো। সেই ফ্রি-কিক থেকেই দুর্দান্ত শটে জর্ডানের জালে বল জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি। চলতি বিশ্বকাপে মেসি ছাড়া আর্জেন্টিনার অন্য কোনো খেলোয়াড়ের এটিই ছিল প্রথম গোল।
প্রথমার্ধের শেষদিকে হুলিয়ান আলভারেজকে ফাউল করায় ভিএআরের সহায়তায় পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্পট কিক থেকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। চলতি বিশ্বকাপে এটিই ছিল তার প্রথম গোল।
দুই গোল পিছিয়ে পড়েও হাল ছাড়েনি জর্ডান। বিরতির পর ৫৫তম মিনিটে বদলি নেমেই গোল করেন মুসা আল-তামারি। ডান দিক থেকে আসা নিচু ক্রসে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান কমান তিনি।
এরপর ৬০তম মিনিটে লাউতারো মার্টিনেজের বদলে মাঠে নামেন লিওনেল মেসি। আর মাঠে নামার মাত্র ১৪ মিনিট পরই নিজের জাদু দেখান তিনি। ৭৪তম মিনিটে বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি-কিক দারুণ দক্ষতায় জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।
এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার নতুন রেকর্ড গড়েন মেসি। এর আগে টানা ছয় ম্যাচে গোল করে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের জাস্ট ফন্টেইন ও ব্রাজিলের জাইরজিনহো। জর্ডানের বিপক্ষে গোল করে তাদের ছাড়িয়ে এককভাবে রেকর্ডের মালিক হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
সব মিলিয়ে বিশ্বকাপে এটি ছিল মেসির ১৯তম গোল। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টানা তিন জয়ে দারুণ ছন্দে থেকেই নকআউট পর্বে পা রাখল লিওনেল স্কালোনির দল।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














