দুর্দান্ত প্রত্যাবর্তনে সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৬-০৭-০২ ০৯:০৪:০২
চলতি ফুটবল বিশ্বকাপে অবিশ্বাস্য নাটকীয় এক ম্যাচের সাক্ষী হল সিয়াটল স্টেডিয়াম। ম্যাচে শুরুতে দুই গোলে এগিয়ে গিয়েছিল সেনেগাল। শেষ মুহূর্তে নাটকীয়ভাবে দুই গোল শোধ করে ম্যাচ অতিরিক্ত সময়ে নেয় বেলজিয়াম।
অতিরিক্ত সময়ের শেষ দিকে যখন টাইব্রেকারের দিকে গড়াচ্ছিল ম্যাচ তখনই ১২০ মিনিটের মাথায় বেলজিয়ামের ইউরি টিলেমান্সকে ডি বক্সে ফাউল করে বসেন সেনেগালের লামিনে কামারা। ভিএআর দেখে বিতর্কিত এক পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
ম্যাচের ১২৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে শেষ ষোলোয় পৌঁছে দেন টিলেমান্স।
এর আগে, প্রথমার্ধের ২৫ মিনিটে হাবিব দিয়ারার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল। বিরতির পর ইসমাইলা সারের গোলে লিড ডাবল করে মানের দল।
ম্যাচ একপ্রকার যখন নিশ্চিত, শুধু জয় উদযাপনই বাকি সেনেগালের এমন সময় ৮৬ মিনিটে ১ গোল শোধ করেন রোমেলু লুকাকু। এর তিন মিনিটের মাথায় ইউরি টিলেমান্সের গোলে অবিশ্বাস্যভাবে ২-২ গোলে সমতা ফেরায় বেলজিয়াম।
এরপরেই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচের জয়ী দলের বিপক্ষে খেলবে বেলজিয়াম।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














