লালমোহনে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৭-০৩ ০৯:৩৪:১২


ভোলার লালমোহনে কিশোর গ্যাংয়ের দলবদ্ধ হামলায় ইব্রাহিম খলিল নয়ন (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। হত্যাকাণ্ডের পর প্রধান অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক (১৭) লালমোহন থানায় আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বালির মাঠে মারামারির ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম খলিল নয়ন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সালাউদ্দিনের ছেলে। তিনি গজারিয়া ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

অভিযুক্ত আব্দুল্লাহ আল মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার মো. আলাউদ্দিনের ছেলে। তিনি লালমোহন আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ আল মানিক ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে ইব্রাহিম খলিল নয়ন ও তার সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলার সময় মানিকের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। নয়নকে রক্ষা করতে গিয়ে আরও দুইজন গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করেন।

হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। পরে নয়নের বন্ধু ও স্থানীয়রা লালমোহন থানা গেটের সামনে জড়ো হয়ে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ভোলা-চরফ্যাশন মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে।

পরে লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ ঘটনাস্থলে গিয়ে দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, “লালমোহন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে দুপুর ১টার দিকে ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের পাশের বালির মাঠে মারামারির ঘটনা ঘটে। এতে মূল অভিযুক্ত মানিকের ছুরিকাঘাতে একজন নিহত এবং দুইজন আহত হন। প্রধান আসামি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার কারণ উদঘাটন করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এনজে