শেরপুরে ধানখেতে মাটিচাপা অবস্থায় ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৭-০৪ ০৯:৪০:০৪


শেরপুর সদর উপজেলায় নিখোঁজের একদিন পর এক ইজিবাইক চালকের মরদেহ ধানখেত থেকে উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী এলাকার রাস্তার পাশের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কাজল মিয়া (৪২) সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন কাজল মিয়া। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।

শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন সাপমারী এলাকার রাস্তার পাশের একটি ধানখেতে কাদার নিচে আংশিকভাবে পুঁতে রাখা একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. মমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহটি ধানখেতের মধ্যে পড়ে থাকতে দেখেন। মরদেহের হাত-পা ওপরে ছিল এবং সেটি আংশিকভাবে মাটিচাপা দেওয়া অবস্থায় ছিল। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

তিনি আরও বলেন,ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

এনজে