কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৪ জনকে কারাদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৭-০৭ ১০:২৫:২৮
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
সোমবার কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলার সদর উপজেলার চরমিলপাড়া, শ্মশানঘাট এলাকা এবং কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মণ্ডলপাড়া ও লালন শাহের মাজারসংলগ্ন এলাকাসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করে।
আটক ব্যক্তিরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মিললাইন এলাকার মো. উৎস (২০), একই এলাকার মো. সুমন (৪০), আড়ুয়াপাড়া এলাকার মো. সজীব (২৩) এবং মিলপাড়া এলাকার মো. মিঠুন (৩০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে তাদের কাছ থেকে মোট ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত আলামতের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাবা শামিমা নাসরিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত চার আসামিকে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আবুল কালাম আজাদ এবং উপপরিদর্শক মো. রাসেল কবীর।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে অধিদপ্তর ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













