শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর: তথ্যমন্ত্রী
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৭-১১ ১৯:০১:০৮
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর। এই বাতিঘর থেকেই জ্ঞানের আলো সমাজে ছড়িয়ে পড়ে। শিক্ষক সমাজ সেই আলোর বাহক। তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতাকে সমাজ উন্নয়নের চালিকাশক্তি হিসেবে গ্রহণ করতে হবে।
শনিবার (১১ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন মন্ত্রী।
জহির উদ্দিন স্বপন বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারের শিক্ষা উন্নয়ন কার্যক্রমের সুফল কাজে লাগাতে সবাইকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
শিক্ষাব্যবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রথম, দ্বিতীয় বা গ্রেডভিত্তিক বিভাজনের মাধ্যমে অনেক সময় মানসিক চাপের মধ্যে রাখা হয়, যা তাদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাসের বিকাশে বাধা সৃষ্টি করে। প্রকৃত শিক্ষা হলো মুক্ত চিন্তার শিক্ষা, যেখানে প্রতিটি শিক্ষার্থী নিজের যোগ্যতা ও প্রতিভা বিকাশের সমান সুযোগ পায়। পাঠ্যপুস্তকভিত্তিক শিক্ষার পাশাপাশি মানবিক মূল্যবোধ, নৈতিকতা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষাও সমান গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত হতে হবে। খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি শৃঙ্খলা, দলগত কাজের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলি বিকাশেও সহায়ক।
অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল শিক্ষা অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ মো. আফজাল হোসেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল ছাত্তার মৃধা এবং পরিচালনা কমিটির সদস্য আল মামুন স্বপন।
এ সময় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













