সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৭-১৪ ১৩:১১:২১


সিলেটে হামের ‍উপসর্গ নিয়ে আরও ২ শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।

আজ মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী এক শিশু এবং এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে।

তবে গত কয়েক সপ্তাহের তুলনায় নতুন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। যদিও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় কোনো রোগীর শরীরে হাম শনাক্ত হয়নি। একই সময়ে উপসর্গ নিয়ে ৫৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এনজে