রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে ৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-০১ ০৯:৫৫:১৬
রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। খবর আল জাজিরার।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, হামলায় শেভচেঙ্কিভস্কি ও সোলোমিয়ানস্কি জেলায় আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
শনিবার (১ আগস্ট) ভোরে চালানো এই হামলায় শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে জরুরি উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
আহতদের মধ্যে ১৩ ও ১৭ বছর বয়সী দুই কিশোর রয়েছে। আহত ১৫ জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া দারনিৎস্কি জেলায় গুদামঘরে আগুন লাগে এবং হোলোসিভস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ভবনের ওপর পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন স্থানে দমকল ও উদ্ধারকর্মীরা এখনও কাজ চালিয়ে যাচ্ছেন।
সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বেড়েছে। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতির সুযোগ নিচ্ছে মস্কো।
এ পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা মিত্রদের কাছে আরও উন্নত আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়ে আসছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র দেশেই উৎপাদনের লাইসেন্স পাওয়ার বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
তবে শুক্রবার (৩১ জুলাই) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিষয়টি নিয়ে আলোচনা চললেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, এমন উন্নত প্রযুক্তি অন্য দেশের হাতে তুলে দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
এর আগে চলতি সপ্তাহেও ইউক্রেনজুড়ে রাশিয়ার ধারাবাহিক বিমান হামলায় শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছিলেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














