অলটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে অস্বাভাবিক দরবৃদ্ধি

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৮-০৯ ২১:৪২:৩৮


শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে দরবৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক নোটিশের জবাবে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জানা গেছে, অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে সম্প্রতি প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে অলটেক্স ইন্ডাস্ট্রিজ জানায়, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যা শেয়ারের দাম বাড়ার কারণ হতে পারে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১২ জুলাই কোম্পানিটির শেয়ারের দাম ছিল ১৮ টাকা ১০ পয়সা। যা আজ (৯ আগস্ট) বেড়ে ২২ টাকা ২০ পয়সায় দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় এক মাসের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ৪ টাকা ১০ পয়সা বা ২২ দশমিক ৬৫ শতাংশ।

অন্যদিকে, কোম্পানিটির আর্থিক অবস্থা দুর্বল। চলতি ২০২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটি ৬ লাখ টাকা লোকসান করেছে, যা শেয়ারপ্রতি লোকসান ১০ পয়সা। এর আগের ২০২৪-২৫ অর্থবছরেও প্রতিষ্ঠানটি ১ কোটি ২ লাখ টাকা লোকসান করে। ওই সময় শেয়ারপ্রতি লোকসান ছিল ১৮ পয়সা।

প্রতিষ্ঠানটির টানা লোকসানের কারণে ২০২৩ সাল থেকে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি । সর্বশেষ ২০২১-২২ অর্থবছরে শেয়ারপ্রতি ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল।

১৯৯৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। সর্বশেষ তথ্য অনুযায়ী, কোম্পানিটির সবচেয়ে বেশি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে, যা ৫০ দশমিক ৫০ শতাংশ । এরপর উদ্যোক্তা বা পরিচালকদের হাতে ৩৬ দশমিক ২৫ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৩ দশমিক ২৫ শতাংশ রয়েছে।

এএ