আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির ২ জাহাজে ইরানের হামলা
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-১৪ ১১:৫০:২০
যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় তেল কোম্পানির দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একে ‘জলদস্যুতা’ এবং বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার প্রতি বড় ধরনের হুমকি হিসেবে আখ্যায়িত করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই হামলার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও এ নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আমিরাতের সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় জলপথটি অতিক্রম করার সময় আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) দুটি জাহাজ হামলার শিকার হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শুক্রবার ভোরে এক বিবৃতিতে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় এডিএনওসি-সংশ্লিষ্ট দুটি জাহাজকে লক্ষ্য করে চালানো ইরানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
এর আগে গত শনিবার সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে সরকারি মালিকানাধীন একটি ট্যাংকারে একই ধরনের হামলার খবর জানানো হয়েছিল। একই সপ্তাহের মধ্যে আবারও প্রণালিতে ট্যাংকারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরান হরমুজ প্রণালিতে একটি কার্যকর অবরোধ বজায় রেখেছে এবং এই পথে চলাচলের জন্য অর্থ আদায় করতে চায় বলে অভিযোগ করেছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্র এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে এবং ইরানি জাহাজ চলাচলের ওপর নিজস্ব অবরোধ আরোপ করেছে।
প্রণালিটির ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে ইরান বর্তমানে ওমানের সঙ্গে আলোচনা করছে।
সূত্র : আল জাজিরা
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














