বরিশালে ইভটিজিং’র দায়ে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আটক

প্রকাশ: ২০১৭-০৭-১১ ১৩:৪৬:৪৩


Zubayrস্কুল পড়ুয়া ছাত্রীদের ইভটিজিং এর অপরাধে বরিশাল নগরীতে এক ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সহ তিনজনকে আটক করে পুলিশ। তবে পরবর্তীতে সাধারন ক্ষমতায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে। রোববার (৯ জুলাই) বিকালে বরিশাল নগরীর বগুরা রোড এলাকায় সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

এসময় ছাত্রলীগের দাপট দেখিয়ে পুলিশ কর্মকর্তার সাথে খারাপ আচরন করে ছাত্রলীগের ২১ নং ওয়ার্ড শাখার সভাপতি জুবায়ের হোসেন।ইভটিজিং এর দায়ে আটক হওয়া ছাত্রলীগ নেতা জুবায়ের হোসেন বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্র এবং ২১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।

ইতিপূর্বে চাঁদাবাজীর ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ সচিন চন্দ্র রায়কে তার কক্ষে আটকে হুমকি এবং লাঞ্ছিত করার অভিযোগও রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতয়ালী মডেল থানার দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, বিকালে তারা বগুরা রোড সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে ইভটিজিং বিরোধী অভিযান চালান।

এসময় ছাত্রলীগের ওই নেতা মোটর সাইকেল নিয়ে রোমিও বেশে ঘোরা ফেরার পাশাপাশি স্কুল পড়ুয়া মেয়েদের ইভটিজিং করছিলো। তখন পুলিশ তাকে আটক করে। একই সময় আরো দুই ইভটিজারকে আটক করা হয়েছিলো। তবে তাদের নাম জানা যায়নি। তবে আটককৃতরা সবাই ছাত্র। পরবর্তীতে এ ধরনের কর্মকান্ডের সাথে জড়িত থাকবে না বলে মুচলেকা দিলে সাধারন ক্ষমায় তাদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।