ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বের পাশে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-২২ ১৪:০৪:৫৯


অধিকৃত পশ্চিম তীর দুই ভাগ করতে কূটকর্মে লিপ্ত হয়েছে দখলদার ইসরায়েল। তাদের অবৈধ বসতি নির্মাণের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করে অবিলম্বে তা বন্ধ করার বার্তা দিয়েছে সৌদি আরব, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, কাতার ও মিশর। এর ধারাবাহিকতায় ফিলিস্তিনি মুসলিমদের পাশে দাঁড়াতে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এমন খবরের মধ্যেই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে ফ্রান্সের উদ্দেশে রওনা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান।

শুক্রবার (২১ আগস্ট) এসব তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেছে আরব নিউজ ও দ্য টাইমস অব ইসরায়েল।

প্রতিবেদনের তথ্য মতে, ইসরায়েল E1 প্রকল্পে নির্মাণকাজ শুরু করলে বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক্ষেত্রে সংগঠনটি বাণিজ্য, শিক্ষা, নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের ওপর নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুতি নিচ্ছে।

এদিকে, দরপত্র আহ্বানের ঘটনায় পশ্চিমা দেশগুলোর মধ্যে ব্যাপক নিন্দার ঝড় উঠেছে। ইসরায়েলকে অবিলম্বে এই পরিকল্পনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, কানাডা ও নরওয়ে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এক যৌথ বিবৃতিতে প্রকল্পটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে দেশগুলো। একই সঙ্গে বসতি নির্মাণ কার্যক্রমে জড়িত হওয়ার ক্ষেত্রে আইনি ও সুনামগত ঝুঁকির কথা উল্লেখ করে নির্মাণকাজের চুক্তির জন্য দরপত্রে অংশ না নিতে ব্যাবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রতি সতর্কতা জানিয়েছে তারা। জানা গেছে, দরপত্রের বিষয়ে ইসরায়েলের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য। এর পাশাপাশি পরিকল্পনাটি প্রত্যাহারের দাবি জানিয়েছে দেশটি।

এনজে