নেপালের ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৬৯ জন
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-২৮ ১০:৪১:১৩
চলতি সপ্তাহের শুরুতে নেপাল-তিব্বত সীমান্ত এলাকায় হওয়া আকস্মিক ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৪৬৯-এ পৌঁছেছে। নেপাল পুলিশ শুক্রবার এমন তথ্য জানিয়েছে।
এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত ১ হাজার ৪৬৮ জন।
তবে নিখোঁজ ও মৃতের সংখ্যা পরিবর্তিত হতে পারে। এ ধরনের বড় দুর্যোগের পর প্রাথমিকভাবে পাওয়া তথ্য বদলে যাওয়াটা বেশ স্বাভাবিক বিষয়। দুর্যোগের সময় একই ব্যক্তিকেএকাধিকবার গণনা করা, নিখোঁজ ব্যক্তিদের সঙ্গে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলিয়ে দেখা এবং দুর্গত এলাকায় যোগাযোগ ও তথ্য সংগ্রহে সমস্যা হওয়ায় সংখ্যায় পরিবর্তন আসতে পারে। নেপাল ও তিব্বতের সীমান্তের দুই পাশের সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে নেপালি ও চীনা নাগরিকের পাশাপাশি বিভিন্ন দেশের পর্যটক ও ভ্রমণকারীও রয়েছেন।
এ বিষয়ে নেপালের দুর্যোগবিষয়ক সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, দেশটিতে ৯১০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে অন্তত ৫১৭ জন বিদেশি নাগরিক। তবে নিখোঁজ বিদেশি নাগরিকদের মধ্যে কোন দেশের কতজন রয়েছেন, তা এ সংস্থাটি জানায়নি। অন্যদিকে নেপাল পর্যটন বোর্ডের বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটক ও ভ্রমণকারীর সংখ্যা ৬৬৭ জন।
এই তালিকায় নেপালি ও বিদেশি নাগরিক- উভয় পক্ষই রয়েছে। নেপালের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আরো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিষ্কার তথ্য পাওয়া যায়নি।
সীমান্তের অপর পাশে তিব্বতে চীন জানিয়েছে, ৫৫৮ জন নিখোঁজ রয়েছেন। চীনের দেওয়া তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ২৬০ জন বিদেশি নাগরিক। নেপাল ও তিব্বত- দুই পাশের হিসাব একসঙ্গে ধরলে মোট নিখোঁজের সংখ্যা দাঁড়ায় অন্তত ১ হাজার ৪৬৮ জন।
তবে দুই দেশের বিভিন্ন সরকারি সংস্থা ও পর্যটন কর্তৃপক্ষের দেওয়া সংখ্যায় পার্থক্য রয়েছে। ফলে সব তথ্য যাচাই শেষে নিখোঁজের মোট সংখ্যা বদলে যেতে পারে।
নেপাল পর্যটন বোর্ড এবং বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি দেশের নাগরিক এখনো নিখোঁজ রয়েছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














