নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৮-৩০ ১০:৫২:৫০
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছেন আরও ২ হাজার ৪৯৮ জন।
রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির সরকার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে এ তথ্য দিয়েছে।
তবে সরকারি হিসাবের তুলনায় প্রকৃত নিখোঁজের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি প্রশমন ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন বন্যাকবলিত এলাকা থেকে ৭৩৪টি মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।
এর মধ্যে সবচেয়ে বেশি ২৫৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে চিতাওয়ান থেকে। পূর্ব নাওয়ালপারাসি থেকে উদ্ধার করা হয়েছে ১৮৪টি মরদেহ। এছাড়া পশ্চিম নাওয়ালপারাসি থেকে পাওয়া গেছে ৮২টি মরদেহ।
গোর্খা থেকে ৫৮টি, নুয়াকোট থেকে ৫২টি, ধাধলিং থেকে ৫০টি, তানাহুন থেকে ৩৬টি এবং রাসুয়া জেলা থেকে ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাসুয়া জেলায় প্রথম আকস্মিক বন্যার আঘাত হানলেও এর তীব্রতা এতটাই বেশি ছিল যে অনেক মরদেহ স্রোতে ভেসে কয়েকশ মাইল দূরে চলে গেছে বলে জানা গেছে।
এদিকে, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দুর্গতদের উদ্ধারে হেলিকপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
বন্যার কারণে কয়েকটি এলাকার যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে চার দিন পার হলেও কিছু এলাকায় পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি। এসব দুর্গম এলাকায় পৌঁছানোর জন্য বর্তমানে হেলিকপ্টারই প্রধান ভরসা।
এর আগে শনিবার নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানান, উদ্ধার হওয়া ৭৩৪টি মরদেহের মধ্যে এখন পর্যন্ত মাত্র ২০টির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
মর্গে পর্যাপ্ত জায়গা না থাকা এবং মরদেহ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ফ্রিজারের সংকট থাকায় মরদেহগুলো সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সমাহিত করার আগে প্রতিটি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করে রাখা হবে, যাতে ভবিষ্যতে স্বজনরা পরিচয় শনাক্ত করতে পারেন। সূত্র: কাঠমান্ডু পোস্ট
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














