স্পিকার

সরকার নয়, জনগণের সম্পর্কই হোক ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-০২ ১৪:৪৭:৫৭


বাংলাদেশ-ভারত সম্পর্কের প্রধান ভিত্তি দুই দেশের জনগণের মধ্যকার সম্পর্ক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও স্বাধীন-সার্বভৌমত্বের নীতির ওপর ভিত্তি করেই দুই দেশের সম্পর্ককে সামনে এগিয়ে নিতে হবে।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বৈঠকে এসব কথা বলেন স্পিকার।

বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দুই দেশের সম্পর্ক সবসময় নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়েছে। সময় ও পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে এই ঐতিহাসিক সম্পর্কের ধরনও বিভিন্ন সময়ে পরিবর্তিত হয়েছে।

বিগত সরকারের সমালোচনা করে স্পিকার বলেন, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের সাজানো নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করেছিল। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে পুনরায় গণতন্ত্রের পথযাত্রা সুগম হয়েছে।

তিনি বলেন, শেখ হাসিনার শাসনামলে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কটি মূলত সরকারকেন্দ্রিক ছিল। এখন দুই দেশের সম্পর্কের প্রধান ভিত্তি হওয়া উচিত জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক।

স্পিকার আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সমতা এবং স্বাধীন-সার্বভৌমত্বের নীতির ভিত্তিতে এই সম্পর্ককে আরও এগিয়ে নিতে হবে।

জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ভারত সরকারও দুই দেশের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরও নিবিড় করার মাধ্যমে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে সংসদীয় প্রতিনিধিদলের সফর, রোহিঙ্গা সংকট ও তাদের পুনর্বাসন এবং ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাতে ভারতের লোকসভার স্পিকারের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। একই সঙ্গে দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন প্রতিনিধিরা, জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএইচ