সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি হুতিদের
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০২৬-০৯-১৭ ০৯:০১:৩৬
সৌদি আরব-ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চলমান সংঘাতের মধ্যে ইয়েমেনে সৌদি আরবের একটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে হুতিরা। ইরানপন্থী হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি গতকাল বুধবার এই দাবি করেন।
এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের মারিব এলাকায় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র (সারফেস-টু-এয়ার মিসাইল) ব্যবহার করে সৌদি আরবের যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। ক্ষেপণাস্ত্রটি স্থানীয়ভাবে নির্মিত। একই সঙ্গে মুসলিমদের পবিত্র নগরী মক্কা লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান সমর্থিত গোষ্ঠীটি।
আলজাজিরা জানিয়েছে, এক বিবৃতিতে ইয়াহিয়া সারি বলেন, ‘আমাদের দেশ ও জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসনের মুখে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৃষ্টিকর্তার সাহায্য ও অনুগ্রহে একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, মারিব গভর্নরেটের আকাশসীমায় সৌদি বিমানটি ‘শত্রুতামূলক অভিযান’ চালাচ্ছিল এবং ইয়েমেনে সৌদির সামরিক উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে ওই অভিযান পরিচালনা করা হচ্ছিল।
ইয়াহিয়া সারি বলেন, স্থানীয়ভাবে তৈরি একটি অস্ত্র দিয়ে এফ-১৫ যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে। এটি মারিব প্রদেশে অভিযান চালানোর জন্য ইয়েমেনের আকাশসীমায় প্রবেশ করেছিল। ইয়াহিয়া সারি অভিযোগ করেন, সৌদি আরব এখন পর্যন্ত ৪৫০টি বিমান হামলা চালিয়েছে।
তারা মক্কা লক্ষ্য করে হামলার যে অভিযোগ তুলেছে, সেটি ভিত্তিহীন। তিনি বলেন, ‘আমাদের অভিযানগুলো সৌদির তেল স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। সেগুলো পবিত্র স্থান থেকে অনেক দূরে।’
গত জুলাইয়ে ইয়েমেনে পুনরায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি সমর্থিত সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে হুতিরা। তারা সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধ ঘোষণা দিয়েছে এবং সম্প্রতি লোহিত সাগরের প্রবেশপথ বাব এল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।
ইরান যুদ্ধে হরমুজ প্রণালি অচল হয়ে পড়ায় বাব এল-মান্দেব জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ জলপথে পরিণত হয়েছে। এটি সৌদি আরবের অপরিশোধিত তেল রপ্তানির জন্যও গুরুত্বপূর্ণ পথ।
মারিবের উত্তর-পশ্চিমে মাউন্ট হেলানের কাছে বিমানটি ভূপাতিত হয়েছে বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আলজাজিরা। তবে হুতিদের এই দাবি নিয়ে সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। একটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবির পর হুতিরা আরো দুটি সৌদি এফ-১৫ যুদ্ধবিমানকে মোকাবেলা করার দাবি করেছে। ইয়াহিয়া সারি বলেন, ভূপাতিত হওয়া যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ খুঁজতে আসা দুটি সৌদি এফ-১৫-এর সঙ্গেও হুতি বাহিনীর ‘লড়াই’ হয়েছে।
তাঁর ভাষ্য, তাইজ, লাহজ, আল-জাওফ, হাজ্জাহ, মারিব, সাদা ও আল-বায়দা প্রদেশে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছে বলেও দাবি করেন তিনি। ইয়াহিয়া সারি বলেন, ইয়েমেনের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় ‘উপলব্ধ সব উপায়ে’ হুতিরা তাদের অভিযান চালিয়ে যাবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













