১৯ দিনে দেশে এসেছে ২৩ হাজার কোটি টাকার প্রবাসী আয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২০ ২১:৩৭:২১
চলতি সেপ্টেম্বর মাসের ১৯ দিনে ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) এর পরিমাণ ২৩ হাজার ৮৭ কোটি টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।
ব্যাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, এই ১৯ দিনে মোট মোট ১৮৭ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আগের অর্থবছরের একই সময়ে আসে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার। গত বছরের একই সময়ের চেয়েছে ৮০ লাখ ডলার বেশি এসেছে এ বছর।
এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ৭৭০ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে ৬৭৬ কোটি ৯০ লাখ ডলার প্রবাসী আয় এসেছিল। সেই তুলনায় চলতি অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ১৩ দশমিক ৮০ শতাংশ।
এর আগে চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স আসার পরিমাণ ছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ৬০ হাজার ডলার। এর পরের মাস আগস্টে আসে ২৯৬ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। গত ২০২৫-২৬ অর্থবছরের পুরো সময়ে রেমিট্যান্স আসে ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। আর ২০২৪-২৫ অর্থবছরে আসে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলারের প্রবাসী আয়।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













