ইরানে হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৮ ১১:৫৫:৩২
হোয়াইট হাউজ ইরানের মার্কিন হামলা নিয়ে জাতিসংঘের যুদ্ধাপরাধের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘের একটি মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি ইরানে চালানো দুটি মার্কিন হামলায় যুদ্ধাপরাধ সংঘটিত হওয়ার ‘যুক্তিসংগত কারণ’ রয়েছে।
জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে গঠিত একটি তথ্য অনুসন্ধানী মিশন বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়, যুদ্ধের প্রথম দিন ইরানে চালানো দুটি মার্কিন বিমান হামলায় অন্তত ১৭৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন
এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারেহ তাইয়েবেহ স্কুলে চালানো হামলাটি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই হামলায় ১৬৮ জন নিহত হন, যাদের বেশির ভাগই শিশু।
জাতিসংঘের তদন্তে বলা হয়েছে, স্কুলটি হামলার ‘অনিচ্ছাকৃত ক্ষয়ক্ষতির’ শিকার হয়নি; বরং সেটিই ছিল হামলার উদ্দেশ্যপ্রণোদিত লক্ষ্য। এ কারণে হামলাটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হয়ে থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে জাতিসংঘের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউজ। মুখপাত্র আনা কেলি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সমালোচনা করে বলেন, কয়েক দশক ধরে সংস্থাটি মানবাধিকার বিষয়ে কার্যকর কিছু করতে পারেনি এবং ‘অগুরুত্বপূর্ণ কথাবার্তা’ বলেছে।
তিনি আরও দাবি করেন, চলমান সংঘাতে একমাত্র ইরানি সরকারই যুদ্ধাপরাধ করেছে।
এদিকে স্কুলে হামলার বিষয়ে ট্রাম্প প্রশাসন এখনো কোনো দায় স্বীকার করেনি। পাশাপাশি এ ঘটনায় মার্কিন প্রতিরক্ষা দপ্তরের তদন্ত প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।
জাতিসংঘের প্রতিবেদনে উঠে আসা অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের তা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ইরানে চলমান সংঘাত ঘিরে বেসামরিক হতাহতের ঘটনা নিয়ে নতুন করে আন্তর্জাতিক বিতর্ক তৈরি হয়েছে।
সূত্র: রয়টার্স, জিও নিউজ
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














