মার্কিন বিমান বাহিনীর এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৮ ১২:২১:৫৩


যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় অঙ্গরাজ্য মিশিগানের ট্রাভার্সি শহরে মার্কিন বিমান বাহিনীর এয়ার ন্যাশনাল গার্ড বিভাগের একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।

সিএনএন এর প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

বৃহস্পতিবারের এই ঘটনায় বিমানটি মাটিতে আছড়ে পড়ার আগেই ইজেকশনের মাধ্যমে নিরাপদে বের হয়ে আসতে পেরেছেন পাইলট।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমানটি টেক্সাস এয়ার ন্যাশনাল গার্ড ইউনিটের অন্তর্ভুক্ত ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় টেক্সাস ইউনিট দুর্ঘটনার খবর নিশ্চিত করে জানায়, বিমানটি মাটিতে ভেঙে পড়লেও সেখানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। বিমানটি কী কারণে দুর্ঘটনার কবলে পড়ল, তা খতিয়ে দেখতে খুব শিগগিরই তদন্ত প্রক্রিয়া শুরু করবে মার্কিন বিমানবাহিনী।

উল্লেখ্য, এয়ার ন্যাশনাল গার্ড হচ্ছে মার্কিন বিমান বাহিনীর একটি বিশেষ রিজার্ভ শাখা, যাদের মূল দায়িত্ব যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করা।

দুর্ঘটনার পর সিনেটে মিশিগানের প্রতিনিধি গ্রে পিটার্স জানান, তারা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করছেন।

এনজে