ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-১৮ ১০:২২:১৭
কুড়িগ্রামে ধরলা সেতুর ওপর ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) এবং আফছারের ছেলে ফারুক (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। ধরলা সেতুর ওপর পৌঁছালে পেছন দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে রংপুরে নেওয়ার পথেই তাদের মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। বাসটি শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














