ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেলো শিশুর

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-২২ ১৪:২০:২০


ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে রাতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের কামড়ে মরিয়ম খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের হরিহরা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম উপজেলার পুরাতন বাখরবা গ্রামের সজিব হোসেনের মেয়ে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে মায়ের সঙ্গে হরিহরা গ্রামে নানাবাড়িতে বেড়াতে এসেছিলো মরিয়ম। সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে খাওয়া-দাওয়া শেষে মায়ের পাশেই এক ঘরে ঘুমিয়ে ছিলো সে। মধ্যরাতের দিকে কোনো এক সময় একটি বিষধর সাপ তার শরীরে কামড় দেয়। তবে ঘুমন্ত অবস্থায় বিষয়টি ওই শিশু বা তার পরিবার তাৎক্ষণিকভাবে টের পায়নি।

আরও জানা যায়, ভোর রাতের দিকে শারীরিক অসুস্থতা ও প্রচণ্ড যন্ত্রণা শুরু হলে মরিয়ম কান্নাকাটি শুরু করে। স্বজনরা শরীর ও পায়ের চিহ্ন দেখে সাপের কামড়ের বিষয়টি আঁচ করতে পারেন। এরপর দ্রুত তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এনজে