গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-২৪ ১৩:৫৪:৫৩
গাজীপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক গাজী রাফেজ আহমেদ (৩৫) নিহত হয়েছে। এঘটনায় মুরাদ হোসেন ও আশরাফ আলী নামে আরও দুইজন আহত হয়েছেন। ঘটনার পর স্থানীয়রা ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমানকে (৪২) আটক করে পুলিশে সোপর্দ করে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহত গাজী রাফেজ আহমেদ খুলনার দাকোপ উপজেলার বাঁশখালী গ্রামের গাজী খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরী করতেন। তার পরিবারে স্ত্রী ও সাত বছরের এক কন্যা রয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে মহানগরীর কাশিমপুর (চক্রবর্তী) এলাকায় ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
আহত মুরাদ হোসেন ও আশরাফ আলীকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আটক ঝাল মুড়ি বিক্রেতা আতাউর রহমান গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ফলগাছা গ্রামের আব্দুল মজিদের ছেলে। স্থানীয়রা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঘটনার দিন রাতে চক্রবর্তী এলাকায় রাফিজ একটি দোকানে ঝাল মুড়ি খাচ্ছিলেন। একই সময়ে পাশের আরেকজন ঝালমুড়ি বিক্রেতা কয়েকজন পথচারীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। রাফিজ সেখানে গিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঝালমুড়ি বিক্রেতা আতাউর রহমান তার কাছে থাকা ধারালো ছুরি দিয়ে গাজী রাফেজ আহমেদ ও উপস্থিত আরো দুজনকে ছরিকাঘাতে হামলা করেন। রাফিজের পেটের ডানপাশে ছুরিকাঘাত লাগলে তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত লোকজন তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। রাফিজের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতে সোয়া ১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের নেওয়া কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, ঝালমুড়ি বিক্রেতাকে আটক করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














