প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৯-২৮ ১৪:৩৪:৪৯
আদালতে হাজিরা শেষে কারাগারে ফেরার পথে প্রিজন ভ্যান থেকে পালিয়েছে ২৫ মামলার আসামি রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এ ঘটনায় প্রিজন ভ্যানের চালকসহ পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, রোববার ঢাকা থেকে আদালতে হাজিরা শেষে পিচ্চি রাজাকে প্রিজন ভ্যানে করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১-এ নেওয়া হচ্ছিল। পথে প্রিজন ভ্যানটি গাজীপুরের নাওজোড় এলাকায় পৌঁছালে প্রাকৃতিক কাজ সারার কথা বলে শৌচাগারে যাওয়ার অনুমতি চায় পিচ্চি রাজা। পরে দায়িত্বে থাকা পুলিশ সদস্য তাকে একটি শৌচাগারে নিয়ে যান। সেখানে সুযোগ বুঝে কৌশলে পালিয়ে যায় সে।
ঘটনার পর প্রিজন ভ্যানের চালকসহ দায়িত্বে থাকা পাঁচ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ ও দায়িত্বে থাকা সদস্যদের ভূমিকা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশ কমিশনার জানান, ডিসি হেডকোয়ার্টারের নেতৃত্বে তদন্ত কমিটি কাজ করবে।
পুলিশ সূত্র জানায়, রোববার সকালে ঢাকা মেট্রোপলিটন আদালতে হাজিরার জন্য পিচ্চি রাজাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে ঢাকায় আনা হয়। আদালতে হাজিরা শেষে তাকে আবার কারাগারে নেওয়া হচ্ছিল। এ সময় নাওজোড় এলাকায় পৌঁছালে শৌচাগারে যাওয়ার কথা বলে সে প্রিজন ভ্যান থেকে নামার সুযোগ পায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, চলতি বছরের ১৯ মে মোহাম্মদপুর এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত রাজা ওরফে পিচ্চি রাজাকে গ্রেপ্তার করা হয়। পিচ্চি রাজা, তার স্ত্রী ও শ্যালক নেপাল থেকে দেশে ফেরার খবর পেয়ে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। পরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাদের হেফাজতে নেওয়া হয়।
পুলিশের ওই সূত্র আরও জানায়, পিচ্চি রাজার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ ২০ থেকে ২৫টি মামলা রয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














