বারডেমের নতুন মহাপরিচালক ডা. নাছির উদ্দীন আহমেদ
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৯-৩০ ১৩:৫৩:৫৪
বারডেম জেনারেল হাসপাতালের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চাঁদপুরের কৃতী সন্তান ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাছির উদ্দীন আহমেদ (অব.)।
গত ১৪ সেপ্টেম্বর তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন স্বাক্ষরিত এক দাপ্তরিক পত্রে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য ও চিকিৎসা প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন ডা. নাছির উদ্দীন আহমেদ এর আগে বারডেমে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক ছাড়াও পরিচালক (হাসপাতাল ও লজিস্টিক সার্ভিসেস) পদে দায়িত্ব পালন করেন। ফলে বারডেমের প্রশাসনিক কার্যক্রম ও চিকিৎসাসেবা ব্যবস্থাপনায় তাঁর রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা।
বারডেমে যোগদানের আগে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা কোরে কর্মরত থাকাকালে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
ডা. নাছির উদ্দীন আহমেদ চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার বলাখাল গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারের সন্তান।
তিনি হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ডা. আবদুস সাত্তারের জ্যেষ্ঠ পুত্র। তাঁর নতুন দায়িত্ব গ্রহণে চাঁদপুরবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে। স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও এলাকাবাসী তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেছেন।
বারডেমের মহাপরিচালক হিসেবে তাঁর প্রশাসনিক ও চিকিৎসা ব্যবস্থাপনার অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির রোগীসেবা ও চিকিৎসাব্যবস্থার মানোন্নয়নে কাজে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














